স্পিডগানের ভুলে...
মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনে কি টিভিতে চোখ ছিল শোয়েব আখতারের? দেখলে চমকেই উঠেছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা। টিভিতে ভেসে উঠল, জশ হ্যাজলউডের বলের গতি ঘণ্টায় ১৬৪.২ কিলোমিটার। তবে কি ভেঙে গেল শোয়েবের বিশ্ব রেকর্ড?
যে হ্যাজলউড বেশির ভাগ সময় ১৩০ কিলোমিটারের আশপাশে বল করেন, তিনিই কিনা ভেঙে দিলেন শোয়েবের এক যুগ আগে গড়া ১৬১.৩ কিমির গতির রেকর্ড!
ব্যাপারটা খোলাসা হলো মাত্র কয়েক মিনিট পরেই। জানা গেল, এটা আসলে স্পিডোমিটারের গোলমাল। ডেলিভারির ভুল পাঠ নিয়েছে স্পিডগান।
প্রযুক্তির এমন ভুল এ মাসে ঘটেছিল আরও একবার। ডানেডিনে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা টেস্টে কিউই পেসার নিল ওয়াগনারের একটি ডেলিভারি ছিল ঘণ্টায় ১৬০ কিমি। পরে জানা যায়, ডেলিভারির সময় ইউনিভার্সিটি ওভাল মাঠে বসানো দুটো স্পিডগানের একটিতে ধরা পড়েছিল উড়ে যাওয়া পাখি (সিগাল)। সে কারণেই এমন বিভ্রান্তি। সিডনি মর্নিং হেরাল্ড।