স্পিন উইকেটই চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টের দুই দিন আগে একাদশ জানিয়ে দেওয়ার উদাহরণ কমই আছে। বিরল সেই উদাহরণ হতে চাইলেন না বলেই কি না কাল দ্বিতীয় টেস্টের দল জিজ্ঞেস করায় ‘হয়তো’ শব্দটা নিয়ে এলেন জেমি সিডন্স, ‘রাজীবের (শাহাদাত হোসেন) জায়গায় সুহাস (শফিউল ইসলাম)...হয়তো।’কোচ ‘হয়তো’ বললেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল থেকে শুরু ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে এই একটা পরিবর্তন নিশ্চিতই বলা যায়। শাহাদাত হোসেনের জায়গা নিয়ে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন আরেক পেসার শফিউল। কাল অনুশীলনের আবহে আরেকটা পরিবর্তনের গুঞ্জনও বেশ ঘুরে বেড়াল। গুঞ্জনটা সত্যি হলে আফতাব আহমেদের জায়গায় এই টেস্টেই অভিষেক হয়ে যেতে পারে জহুরুল ইসলামের। ইনডোরের নেট প্র্যাকটিসে তাঁকে নিয়ে দীর্ঘ সময় কাটিয়েছেন কোচ। শুরুতে জহুরুল উইকেটকিপিং প্র্যাকটিসও করলেন লম্বা সময় নিয়ে।জহুরুলের কিপিং প্র্যাকটিস দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেওয়ার মতোই ব্যাপার। মূলত ব্যাটসম্যান হলেও ঘরোয়া ক্রিকেটে টুকটাক উইকেটকিপিং করেন। উইকেটের পেছনে মুশফিকুর রহিমের ব্যর্থতায় দুইয়ে দুইয়ে চার মেলালে প্রশ্নটা আসেই—তবে কি মুশফিকের ওপর চাপ কমাতে চাইছে টিম ম্যানেজমেন্ট? থিংক ট্যাংকের সঙ্গে কথা বলে অবশ্য সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ কোনোটাই শোনা যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল একজন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না, ‘কাঁধের ইনজুরির কারণে গত প্রিমিয়ার লিগে মুশফিকুর কিপিং করেছে খুবই কম। এই সিরিজে তার মিসগুলো হয়তো সেটারই জের। ওর যদি কিপিং থেকে বিশ্রাম প্রয়োজন হয়, অমিকে (জহুরুল) দিয়ে চেষ্টা করানো যেতেও পারে। তবে তার আগে অমিকে একাদশে আসতে হবে।’ শাহাদাতের জায়গায় শফিউল মোটামুটি নিশ্চিত হয়ে যাওয়ায় আজকের একাদশ নির্বাচনসংক্রান্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার কথা আফতাব-জহুরুলেরই।তবে এই আলোচনা কেবল বাংলাদেশ দলেই। দ্বিতীয় টেস্টের আগে যে আলোচনাটা বাংলাদেশ-ইংল্যান্ড দুদলেই ‘কমন’, সেটা উইকেট কিপার নয়, উইকেট-সংক্রান্ত। চট্টগ্রাম টেস্টে দিন যত গেছে উইকেট ততই ব্যাটিং সহায়ক হয়ে উঠেছে। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটকে ‘ভালো’ বললেও বোলারদের জন্য ক্রমেই বধ্যভূমিতে পরিণত হওয়া ওই ২২ গজে খেলে যারপরনাই বিরক্ত ইংল্যান্ড দল। কাল অনুশীলনের পর তো কেভিন পিটারসেন বলেই দিলেন, এ রকম উইকেটে টেস্ট খেলা উচিত নয়।খেলা হবে বাংলাদেশে আর উইকেট হবে পিটারসেনদের মনমতো তা তো আর হয় না! বাংলাদেশ ইংল্যান্ডে গেলে অতিথিসেবার কথা ভেবে তারা নিশ্চয়ই পেস-বাউন্স শুষে নিয়ে উইকেটকে স্পিন-স্বর্গ বানাবে না। বাংলাদেশে আসার আগে ইংল্যান্ডেরও ভেবে আসা উচিত ছিল বিশ্ব মানচিত্রে দেশটা উপমহাদেশের মধ্যেই পড়ে। কাল অনুশীলন শেষে বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকও সেটাই মনে করিয়ে দিতে চাইলেন, ‘উপমহাদেশে খেলতে এলে ওদের স্পিনের কথা মাথায় রেখেই আসা উচিত। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা—সবাই এখানে স্পিন সহায়ক উইকেট তৈরি করে।’ তারপরও রাজ্জাকের আক্ষেপ, ‘চট্টগ্রামে যে খুব একটা স্পিনিং উইকেট ছিল তা নয়। প্রথম ইনিংসে উইকেটে একদমই কিছু ছিল না...বল সোজা গেছে। খেলাটা যেহেতু ইংল্যান্ডের সঙ্গে, এবার আশা করি টার্নিং উইকেটই হবে।’রাজ্জাকদের আশাই পূরণ হচ্ছে। কাল থেকে শুরু দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট সাজছে স্পিনারদের জন্য। যতদূর জানা গেছে, কিউরেটরের কাছে প্রেসক্রিপশন গেছে পাঁচ দিন খেলার মতো উইকেট বানানোর। দ্বিতীয় টেস্টের উইকেট সে রকমই হওয়ার কথা। বাউন্স অসম হবে না। শুরুতে ব্যাটসম্যানরাই সহায়তা পাবেন উইকেট থেকে। পরের দিকে ঘুরবে স্পিনারদের বল।উইকেটের আচরণ চট্টগ্রাম টেস্টে বুমেরাং বানিয়ে দিয়েছিল সাকিব আল হাসানের টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তকে। অমন উইকেটে ইংল্যান্ড প্রথম ইনিংসে প্রায় ১৪০ ওভার ফিল্ডিং করিয়ে ছেড়েছে বাংলাদেশকে। রাজ্জাক চান অ্যালিস্টার কুকরা এবার ওটির পাল্টা জবাব পেয়ে যান, ‘প্রথম ইনিংসে ওদের অনেক বড় সেশন ফিল্ডিং করানো গেলে সেটা অবশ্যই প্লাস পয়েন্ট হবে। চট্টগ্রামে এই জিনিসটার মুখোমুখি হয়েছি আমরা। দেড় দিন ফিল্ডিং করার পর পরই ব্যাটিং করতে নামা কঠিন। যারা ওপেন করে, ১২০ ওভার ফিল্ডিং করে ১০ মিনিট পরই ব্যাটিংয়ে নেমে তারা কতটা মনঃসংযোগ করতে পারেন কে জানে?’ঢাকা টেস্ট কি তাহলে চট্টগ্রামের অপূর্ণতা ঘোচানোর টেস্ট হয়েই আসছে সাকিবদের সামনে! সেক্ষেত্রে টেস্ট শুধু পঞ্চম দিনে নিলেই হবে না, প্রত্যাশা থাকবে আরও কিছুর।