স্পিন দিয়ে বোলিং সূচনা করাটা ক্রিকেটের দুর্লভ ঘটনাগুলোর একটি। গতকাল পর্যন্ত হওয়া ৩১৪৪টি ওয়ানডেতে মাত্র ৩৫ বার ইনিংসের প্রথম ওভারে বল করেছেন স্পিনাররা। কিন্তু এটি এবারের বিশ্বকাপে এতবার ঘটেছে যে এটিকে আর দুর্লভ বলার সুযোগ নেই। এবার প্রথম ৪৫টি ম্যাচেই ১০ বার প্রথম ওভার করেছেন স্পিনাররা। এবারের ১০টিসহ বিশ্বকাপে মোট ১২ বার হয়েছে এমনটি। ১৯৯২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দীপক প্যাটেলকে দিয়ে বোলিং সূচনা করান কিউই অধিনায়ক মার্টিন ক্রো। বিশ্বকাপে ওটাই প্রথম। ওই বিশ্বকাপে দুবার বোলিং শুরু করেন প্যাটেল। তবে এক ম্যাচে স্পিনে দুই দলেরই বোলিং শুরু এবারই প্রথম দেখল ক্রিকেট-বিশ্ব। দক্ষিণ আফ্রিকা-উইন্ডিজ ম্যাচে ইয়োহান বোথা ও সুলিমান বেন, দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে রবিন পিটারসন ও মাইকেল ইয়ার্ডি এবং গতকালের ম্যাচে পিটারসন ও নাথান ম্যাককালাম নিজ নিজ দলের বোলিং শুরু করেন।