স্পিন দিয়েই বোলিং আক্রমণের সূচনা করবে জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯২ বিশ্বকাপে নতুন ধরনের বোলিং আক্রমণের সূচনা করে ক্রিকেট বিশ্বকে কিছুটা বিস্মিত করে দিয়েছিল নিউজিল্যান্ড। তত্কালীন কিউই অধিনায়ক মার্টিন ক্রো ১৫ ওভারের ফিল্ডিং বাধ্যবাধকতার পরোয়া না করে শুরুতেই বল তুলে দিয়েছিলেন অফস্পিনার দিপক প্যাটেলের হাতে। এরপর ওয়ানডে ক্রিকেট অঙ্গনে অনেক মেধাবী স্পিনারের আবির্ভাব ঘটলেও এই ঝুঁকিটা নিতে দেখা যায়নি কাউকে। তবে এবারের বিশ্বকাপে পাওয়া গেছে মার্টিন ক্রো আর দিপক প্যাটেলের উত্তরসূরি। জিম্বাবুয়ে, স্পিনার দিয়েই বোলিং আক্রমণের সূচনা করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কোচ অ্যালান বুচার।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটায় পেসার ক্রিস্টোফার এমপফুর সঙ্গে আরেক প্রান্ত থেকে বল করতে দেখা গেছে প্রসপার উতসেয়াকে। খুব বেশি ওভার অবশ্য বল করতে পারেননি এ ডানহাতি অফস্পিনার। মাত্র তিন ওভার বল করে দিয়েছিলেন ১৪ রান। যেখানে পেসার এমপফু ওই তিন ওভার বল করেই দিয়েছেন ২২ রান। তবে শেষ পর্যন্ত মূল আসরেও এ জুটিকে বোলিং আক্রমণের সূচনা করতে দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত করে বলা না গেলেও এটাকে জিম্বাবুয়ে শিবির যে খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করছে, এটা স্পষ্টই বোঝা গেছে। কোচ অ্যালান বুচার বলেছেন, ‘বিগত কয়েক বছর ধরেই আমরা এ রকম কৌশল অনুসরণ করেছি। আমরা এটাতে অভ্যস্ত। কিন্তু আমি খুবই অবাক হব, যদি অন্য কোনো দলও এ রকম না করে। এর আগের বিশ্বকাপেও কিন্তু স্পিন দিয়ে বোলিং আক্রমণের সূচনা করার নজির আছে। আর এ উপমহাদেশের কন্ডিশনটাও স্পিনারদের জন্য উপযোগী।’তবে নতুন নজির সৃষ্টি করার জন্য বা উপমহাদেশের স্পিনার-বান্ধব উইকেটের পুরো ফায়দা তোলার জন্যই শুধু এ কৌশলের আশ্রয় নিচ্ছে না জিম্বাবুয়ে। দলের সাফল্যের জন্যই এটা জরুরি বলে মনে করছে তারা। কারণ স্পিনাররাই হয়ে উঠেছে তাদের দলের প্রধান বোলার। রয়টার্স।