স্পিন নিয়ে ভাবছে না ওয়েস্ট ইন্ডিজ

রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র আর রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ দলকে কী কাল বিপদে ফেলতে পারবে বাংলাদেশ? সাকিব, রাজ্জাক কিংবা সোহাগ গাজীরা কী আতঙ্ক ছড়াতে পারবেন ক্যারিবীয় ব্যাটিংয়ে? ওয়েস্ট ইন্ডিজের কোচ ওটিস গিবসন অবশ্য ব্যাপারটা সেভাবে দেখতে চান না। ভারতীয় স্পিনের কাবু হলেও বাংলাদেশের স্পিন নিয়ে তাঁরা যে সেভাবে চিন্তিত নন, মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবভাবে সেটাই জানিয়ে দিতে চাইলেন ওয়েস্ট ইন্ডিজ কোচ।
বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে সোহাগ গাজী ভালোই ভুগিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের। ভয়ংকর ক্রিস গেইলকে তো বারবারই ফেলেছিলেন আউটের ফাঁদে। তবে খেলাটা টি-টোয়েন্টি বলেই এমন কিছু পুনরাবৃত্তির সম্ভাবনা দেখছেন না গিবসন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে স্পিন খুব একটা সমস্যা হওয়ার কথা না। আমাদের দলে অনেক খেলোয়াড় আছে যারা স্পিনটা খুব ভালো খেলে। কাল রাতের (ভারতের বিপক্ষে ম্যাচে) ব্যাপারটা ছিল অন্য। ভারতীয় স্পিনাররা দুর্দান্ত বল করেছে। সত্যি কথা বলতে কি, ভারতের সব বোলারই কাল অসাধারণ বল করেছে। হ্যাঁ, জানি বাংলাদেশেরও বেশ কয়েকজন ভালো স্পিনার আছে। তবে তারা ভারতীয় স্পিনারদের চেয়ে আলাদা। তাদের মোকাবিলার জন্য আমাদেরও আলাদা প্রস্তুতি থাকবে।’
ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের একটা বদনাম হয়ে গেছে। তাঁরা নাকি ম্যাচে এক রান, দুই রান করে না নিয়ে বড় বড় শট খেলার জন্য বসে থাকে। ব্যাপারটি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন ছুটে গেল গিবসনের দিকে। ক্যারিবীয় কোচও প্রশ্নবান সামাল দিলেন দলের ব্যাটসম্যানদের পাশে দাঁড়িয়েই, ‘দেখুন টি-টোয়েন্টি দলগুলোতে এমন অনেক ব্যাটসম্যান থাকে, যারা খুব জোরে মেরে বল উড়িয়ে দিতে চায়। আবার কিছু ব্যাটসম্যান আছে যারা তার ঠিক উল্টো। জানি, কাল রাতে ভারতের বিপক্ষে ম্যাচের পর অনেকে অনেক কথাই বলছে। কিন্তু আসল কথা হলো আমাদের ব্যাটসম্যানরাও সিঙ্গেলস বের করতে পারে। কাল যা হয়েছে, সেটা ক্রিকেটে হতেই পারে। উনিশ-বিশ হওয়াটা অস্বাভাবিক নয়।’
তবে সবকিছু ছাপিয়ে সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আশাবাদী হতেই পারে বাংলাদেশ। কারণ, এই দলটির বিপক্ষে নিজেদের অতীত রেকর্ড। টি-টোয়েন্টি ফরম্যাটে পারফরম্যান্সের করুণ দশা থাকলেও ওয়েস্ট ইন্ডিজই একমাত্র টেস্ট খেলুড়ে দল, যাদের বিপক্ষে বাংলাদেশের আছে দুটো জয়। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়েই ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ। ২০১১ সালে ক্যারিবীয়দের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ পেয়েছিল অসাধারণ এক জয়। সংবাদ সম্মেলন শেষে ওয়েস্ট ইন্ডিজ কোচের পাশাপাশি হাঁটতে হাঁটতে একটু অনানুষ্ঠানিক ঢঙে তোলাও হলো এই প্রসঙ্গ। উত্তরে একটি বাক্যও খরচ না করে এই প্রতিবেদকের দিকে তাকিয়ে গিবসন দিলেন একটা ছোট্ট হাসি। হাসিতে কোনো উত্তর না পাওয়া গেলেও বোঝা গেল, ব্যাপারটা মনের মধ্যে রেখে ঘুরছেন তাঁরাও।