স্পিন-ফাঁদ বসাচ্ছে ভারত!
দক্ষিণ আফ্রিকার তিন, চার, পাঁচ প্রথম ইনিংসে দিয়েছে ৪৭৯ রান। আর ভারতের তিন, চার, পাঁচ প্রথম ইনিংসে দিয়েছে ৬৭! ভারত কেন ইনিংস ব্যবধানে হারল সেটার সহজ উত্তর দিয়ে দিচ্ছে এই ব্যবধানটাই।টপ-মিডল-অর্ডারটাই ডুবিয়েছে ভারতকে। রাহুল দ্রাবিড় আর ভিভিএস লক্ষ্মণের অনুপস্থিতি তাই ভীষণভাবে অনুভব করেছেন মহেন্দ্র সিং ধোনি। ‘রাহুল আর লক্ষ্মণের না থাকাটা আমরা ভীষণভাবে অনুভব করেছি। কিন্তু ইনজুরির ওপর তো আমাদের কারও হাত নেই। লক্ষ্মণের বদলে দলে ঢোকা রোহিত শর্মাও টসের মাত্র ১৫ মিনিট আগে ইনজুরিতে পড়ল’—ভাগ্যকেই যেন দুষছেন ধোনি। অধিনায়ক হিসেবে টেস্টে এই প্রথম পরাজয়ের স্বাদ পেলেন যিনি।ভাগ্য নয়, ভারতের সাবেক ক্রিকেটারদের কেউ কেউ দুষছেন নির্বাচকদের। দূরদর্শিতার পরিচয় নির্বাচকেরা দিতে পারেননি বলে মত তাঁদের। দলে বাড়তি একজন রিজার্ভ ব্যাটসম্যান না রাখার জন্যই এ সমালোচনা। যার ফলে শেষ মুহূর্তে রোহিত শর্মাও ছিটকে পড়ায় ভারত বাধ্য হয়েছে রিজার্ভ উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকে খেলাতে।ভারতের নির্বাচক কমিটির প্রধান কৃষ্ণমাচারি শ্রীকান্ত অবশ্য আত্মপক্ষ সমর্থন করছেন। এভাবে ম্যাচ শুরুর মিনিট কয়েক আগে কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়বে—কে জানত! ‘টেস্ট শুরুর দিন সকালে যা হয়েছে সেটা নেহাতই দুর্ভাগ্যজনক এবং অস্বাভাবিক। রোহিত শর্মা কিন্তু প্রথমে ১৫ জনের দলেও ছিল না। অন্য খেলোয়াড়ের চোটের কারণে তাকে আনা হলো বদলি হিসেবে। এখন সেও যদি মিনিট ১৫ আগে ইনজুরিতে পড়ে যায়, তাহলে আপনি কাউকে কীভাবে দোষ দিতে পারেন?’—শ্রীকান্তের প্রশ্ন।ভারতের দল নির্বাচনে গলদ দেখতে পাচ্ছেন গ্রায়েম স্মিথও। লড়াইটা যেখানে এক নম্বর জায়গা নিয়ে, সেখানে আগ্রাসী মনোভাব নিয়েই ঝাঁপিয়ে পড়া উচিত বলে মনে করেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। প্রয়োজনে বাজি ধরতে হবে সর্বস্ব। কিন্তু ভারত রক্ষণাত্মক পথেই হেঁটেছে বলে মত স্মিথের। দুজন পেসার আর দুজন স্পিনারের সেই সহজ পথ অনুসরণ না করে দলে বাড়তি একজন পেসার ভারত নিতে পারত বলে অভিমত তাঁর। ‘দুটো রাস্তা ছিল: আত্মবিশ্বাস নিয়ে বাড়তি একজন বোলার খেলানো। কিন্তু তারা খুবই রক্ষণাত্মক ভঙ্গি নিয়েছিল। সাহাকে সাত নম্বর ব্যাটসম্যান হিসেবে খেলিয়েছে। সম্ভবত এখন এর জন্য ওরা অনুতাপেও পুড়ছে।’দুর্দান্ত এই জয়ের পেছনে স্মিথকে বাহবা দিয়ে গেছেন খোদ সুনীল গাভাস্কার। হুট করে কোচ নিয়ে ঝামেলায় পড়ে গিয়ে ভারতের উদ্দেশে উড়াল দেওয়ার মাত্র দুই দিন আগে দলে একটা ওলটপালট হয়ে গেছে। মিকি আর্থার চাকরি ছেড়েছেন। দল চলছে ভারপ্রাপ্তদের দিয়ে। অথচ সেই দক্ষিণ আফ্রিকাই জিতে গেল ইনিংস ব্যবধানে।পরের টেস্টটা ড্র হয়ে গেলেও সিরিজ জয় তো হবেই, দক্ষিণ আফ্রিকা ফিরে পারে টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটিও। স্মিথ ঘোষণার সুরেই যেমন বলে দিয়েছেন, ‘ভারত নয়, এক নম্বর জায়গাটির যোগ্য মালিক দক্ষিণ আফ্রিকাই।’ হানসি ক্রনিয়ের পর মাত্র দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান অধিনায়ক হিসেবে ভারত থেকে টেস্ট সিরিজ জিতে যাওয়ার দ্বারপ্রান্তে স্মিথ। গত সফরেও অবশ্য স্মিথের দল ১-০ লিড নিয়েও সিরিজ জিততে পারেনি। দক্ষিণ আফ্রিকার সিরিজ জয় ঠেকাতে শেষ টেস্টে স্পিন-ফাঁদ বসিয়েছিল ভারত। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে শুরু হতে যাওয়া কলকাতা টেস্টেও সেই একই ‘উপহার’ নাকি অপেক্ষা করছে দক্ষিণ আফ্রিকার জন্য। শতভাগ ফিট লক্ষ্মণও ফিরছেন দলে।