রবিচন্দ্রন অশ্বিন ও প্রজ্ঞান ওঝার মধ্যেই ভূত দেখলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। ভারতের এই দুই স্পিনার মিলেই হায়দরাবাদ টেস্টে তুলে নিয়েছেন ১৮টি কিউই উইকেট। ২০০৪ সালের মুম্বাই টেস্টের পর এই প্রথম ভারতীয় স্পিনাররা ম্যাচে ১৮ উইকেট পেলেন। ম্যাচে ১৮ বা তার বেশি উইকেট সবচেয়ে বেশিবার পেয়েছেন ভারতীয় স্পিনাররাই। ২০ বার হয়েছে এ রকম, যার মধ্যে দুবার প্রতিপক্ষের ২০টি উইকেটই পেয়েছেন ভারতীয় স্পিনাররা। টেস্ট ক্রিকেটে কোনো দলের স্পিনারদের ২০ উইকেট নেওয়ার ঘটনা আছে ৫টি। সর্বপ্রথম ১৯৫৬ সালে ওল্ড ট্রাফোর্ডের ঐতিহাসিক টেস্টে ইংল্যান্ডের দুই স্পিনার জিম লেকার ও টনি লক মিলে অস্ট্রেলিয়ার ২০টি উইকেট তুলে নিয়েছিলেন। জিম লেকার একাই নিয়েছিলেন ১৯ উইকেট। এরপর ১৯৭২-৭৩ মৌসুমে ইংল্যান্ড ও ১৯৭৫-৭৬ মৌসুমে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতীয় এবং ১৯৮০-৮১ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ ও ১৯৮৭-৮৮ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানি স্পিনাররা গড়েছিলেন এই কীর্তি।