স্পিন-বিষে অসহায় দুই দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দিনটি যদি হয় জয়াবর্ধনে-বীরত্বের, দ্বিতীয় দিনটাকে বলতে হয় স্পিন-বীরত্ব আর ব্যাটসম্যানদের অসহায়ত্বের দিন। রঙ্গনা হেরাথের বাঁহাতি স্পিনের সামনে প্রথমে অনুমিতভাবে অসহায়ত্ব দেখা গেল ইংলিশ ব্যাটসম্যানদের। শেষ বেলায় গ্রায়েম সোয়ানের অফস্পিনের বিপক্ষে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদেরও তো হাবুডুবু খেতে দেখা গেল।প্রথম দিন শেষে ব্যাটিং করছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন শেষেও তা-ই, তবে দ্বিতীয় ইনিংসে। প্রথম দিনে ৮ উইকেট হারানো শ্রীলঙ্কা গুটিয়ে গেছে দ্বিতীয় দিনের সকালে। পরে ইংল্যান্ডকে অলআউট করে দ্বিতীয় ইনিংসে নিজেরা আবার হারিয়ে ফেলেছে ৫ উইকেট। সব মিলিয়ে গলের দ্বিতীয় দিন দেখেছে ১৭ উইকেটের পতন, ১২টিই স্পিনে!অথচ এই পরিসংখ্যান যা বলছে, উইকেটে তেমন কোনো জুজু নেই মোটেও। তবে জুজু থাকতে পারে ইংলিশ ব্যাটসম্যানদের মাথায়। মধ্যপ্রাচ্যে সর্বশেষ সিরিজে নাকানি-চুবানি খেয়েছিলেন তাঁরা সাঈদ আজমল ও আবদুর রেহমানের স্পিনে। আজমলের মতো বৈচিত্র্যময় অস্ত্র নেই হেরাথের। ভয়াবহ রকম টার্নও পাননি। স্রেফ লাইন-লেংথ ধরে রেখে গতি আর ফ্লাইটের বৈচিত্র্যে বোলিং করে গেলেন। ইংলিশরা এই ‘সোজা’ বোলিংয়েই বিভ্রান্ত। ফুল লেংথ বলে সুইপ করতে গিয়ে আউট স্ট্রাউস ও ব্রড, ট্রট ক্যারিয়ারে প্রথমবার স্টাম্পড ফুলটস মিস করে, প্রায়র ও সামিত প্যাটেল এলবিডব্লু সামনের বল পেছনে খেলে।সাম্প্রতিক ফর্মের কারণে সবচেয়ে চাপে ছিলেন যিনি, সেই ইয়ান বেলই ব্যতিক্রম। খেলছিলেন স্বচ্ছন্দে। সবচেয়ে ভালো বলটা তাঁর জন্যই রেখেছিলেন হেরাথ। বাঁহাতি স্পিনারের স্বপ্নের ডেলিভারি—ফ্লাইট-টার্নে বিভ্রান্ত হয়ে বোল্ড বেল। ৯২ রানে ৬ উইকেট হারানো দল ১৯৩ পর্যন্ত যেতে পারে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায়। শেষ চার ব্যাটসম্যান মিলে করেন ৮৮, অ্যান্ডারসন-পানেসারের শেষ জুটিতে ৩৬!ব্যাটিংয়ে দৃঢ়তা দেখিয়ে কিন্তু আসল কাজটা ভুলে যাননি ইংলিশ বোলাররা। ইনিংসের প্রথম ওভারেই দিলশানের স্টাম্প উড়িয়েছেন ব্রড। পানেসারের সাম্প্রতিক উত্থানে একটু চাপে থাকা সোয়ান এরপর চিনিয়েছেন নিজের জাত। নিজের প্রথম ওভারেই ফিরিয়েছেন থিরিমান্নেকে। দুর্দান্ত বোলিংয়ে এরপর ফিরিয়েছেন লঙ্কান ব্যাটিংয়ের তিন স্তম্ভ, স্পিনের বিপক্ষে তিন ‘মাস্টার’ ব্যাটসম্যান সাঙ্গাকারা-জয়াবর্ধনে-সামারাবীরাকে।১৬৮ রান নিয়ে দিন শুরু করা জয়াবর্ধনে খুব বড় করতে পারেননি ইনিংসটা। সকালে ৬.৩ ওভারে শ্রীলঙ্কার শেষ দুই উইকেট নিয়ে অ্যান্ডারসন পেয়ে যান ৫ উইকেট। তখনো বোঝা যায়নি কী অপেক্ষা করছে ইংলিশদের জন্য। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ৫ উইকেট হারালেও সব মিলিয়ে লিড এখন ২০৯ রানের। ইংলিশদের সাম্প্রতিক স্পিন খেলার ইতিহাস বলছে, ম্যাচের লাগাম এখন শ্রীলঙ্কার হাতে। জয়াবর্ধনের অসাধারণ ইনিংসটাই হয়তো শেষ পর্যন্ত গড়ে দেবে ব্যবধান! ওয়েবসাইট।