মাত্র ১৭৭ রান তাড়া করতে নেমেও ৫৮ রানের পরাজয়। চট্টগ্রামে পরশুর তৃতীয় ওয়ানডে ম্যাচটিকে বাংলাদেশ নিশ্চয়ই মনে রাখতে চাইবে না। তবে বাংলাদেশ না চাইলেও ম্যাচটি ঠাঁই নিয়েছে রেকর্ড বইয়ে। পরশু বাংলাদেশের চার স্পিনার আবদুর রাজ্জাক (৩টি), সাকিব আল হাসান (১), ইলিয়াস সানি (২) ও মাহমুদউল্লাহ (৩) মিলে নিয়েছেন পাকিস্তানের ৯ উইকেট। এরপর পাকিস্তানের মোহাম্মদ হাফিজ (৩), আবদুর রেহমান (২), সাঈদ আজমল (২) ও শোয়েব মালিক (৩) মিলে নিয়েছেন ১০ উইকেট। ম্যাচের মোট ২০ উইকেটের ১৯টিই স্পিনারদের। ওয়ানডেতে এক ম্যাচে স্পিনাররা সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন এ ম্যাচেই। আগের রেকর্ডটি ছিল জিম্বাবুয়ে ও কেনিয়ার (১৫)। ২০০৯ সালে হারারেতে হয়েছিল ম্যাচটি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্পিনাররা সবচেয়ে বেশি উইকেটও পেয়েছেন এই সিরিজেই। মোট ৩৬ উইকেট নিয়ে সাকিব-হাফিজরা ভেঙেছেন আগের ৩১ উইকেটের রেকর্ড।