স্পিনকেই ভরসা মানল বাংলাদেশ
ওল্ড ট্রাফোর্ডে দুই পেসার নিয়ে খেলার ঘটনা...নাহ্, উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সম্পাদক শিল্ড বেরিও মনে করতে পারলেন না। স্মৃতি হাতড়ে শুধু বলতে পারলেন, ‘দুই স্পিনার খেলানোর একটা ঘটনা মনে পড়ে। তাও ১৫-১৬ বছর আগে হবে। সম্ভবত পাঁচজন বোলার নেওয়া হয়েছিল সেবার...।’দলে পাঁচজন বোলার থাকলে দুই স্পিনার নিয়েও তিন পেসার রাখার সুযোগ থাকে। দুই পেসার খেলিয়ে সেদিক দিয়ে বাংলাদেশ ওল্ড ট্রাফোর্ডে রেকর্ডই করে ফেলল কি না কে জানে! লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে পেস বোলারদের বাজে পারফরম্যান্সের কারণেই তাদের ওপর অনাস্থা। ফলাফল, দুই পেসার রুবেল ও রবিউল বাদ। এসেছেন আরেক পেসার শফিউল ও বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। শিল্ড বেরির কাছে এটাও একটা রহস্য, ‘সাকিব থাকতে আবার রাজ্জাক...কেন?’ওল্ড ট্রাফোর্ডের উইকেটকে স্পিনবান্ধব ভাবাটাও এর একটা কারণ। পরিসংখ্যান ঘেঁটে নাকি সাকিব দেখেছেন, গত কিছু দিন এ মাঠে স্পিনাররাই ৫ উইকেট বেশি পেয়েছে। সাকিবের কথা অর্ধেক ঠিক, বাকি অর্ধেক হলো এখানে স্পিনারদের পাশাপাশি পেসারদের সাফল্যও কম নয়। ওল্ড ট্রাফোর্ডে গত বছরের টেস্টটি বাদ দিলে এ মাঠে পেসারদের দাপটই বরং বেশি! গত বছর ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্টে ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন দুই বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি ও মন্টি পানেসার। আগের বছর ওয়েস্ট ইন্ডিজের পেসার ড্যারেন সামি দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৭ উইকেট, ওই ইনিংসে পানেসারের উইকেটও ছিল ৬টা। তারও এক বছর আগে ফিরে যান, পাকিস্তানের বিপক্ষে সেবার দুই ইনিংসে ৬ আর ৫ উইকেট করে পেয়েছিলেন ইংল্যান্ডের পেসার স্টিভ হার্মিসন, দ্বিতীয় ইনিংসে পানেসার নিয়েছিলেন ৫ উইকেট।পানেসারের জন্য ওল্ড ট্রাফোর্ডের মাঠটাকে সবচেয়ে বেশি পয়াও বলতে পারেন। এ মাঠে মাত্র তিন টেস্ট খেলেই ২৫ উইকেট, ইনিংসে ৫ বা তার চেয়ে বেশি উইকেট তিনবার। অথচ সেই পানেসার এবার ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডেই নেই! পরিসংখ্যান থেকে আরও একটা বাড়তি তথ্য—ওল্ড ট্রাফোর্ড মাঠে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলার কিন্তু কোনো স্পিনার নন, একজন পেসার। সাত টেস্টে স্যার অ্যালেক বেডসারের ৫১ উইকেটের রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি। জিম লেকারের এক টেস্টে ১৯ উইকেট পাওয়ার কীর্তি ওল্ড ট্রাফোর্ডের স্পিন-খ্যাতির একটা কারণ হতে পারে। তবে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় দুই নম্বরে হলেও সেটাও লেকারের প্রায় অর্ধেক (৫ টেস্টে ২৭) উইকেট পেয়ে।পরিসংখ্যান সব সময়ই ভবিষ্যদ্বক্তা হয় না। সাকিব হয়তো দুই পেসার খেলানোর সিদ্ধান্তের পুরস্কারও পেয়ে যেতে পারেন এই টেস্টে। তবে পরিসংখ্যান ঘেঁটে ওল্ড ট্রাফোর্ড সম্পর্কে বাংলাদেশ যে পাঠটা নিয়েছে, ইংল্যান্ড সম্ভবত তার উল্টোটাই নিল। দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার গ্রায়েম সোয়ান। ইনজুরিতে পড়া টিম ব্রেসনানের জায়গায় কোনো স্পিনার নয়, অভিষেক হয়েছে আরেক পেসার আজমল শেহজাদের। স্টিভেন ফিন ও জেমস অ্যান্ডারসন তো আছেনই। ইংল্যান্ডই যখন এ পথে গেল, তখন বাংলাদেশের উল্টো পথে হাঁটার সিদ্ধান্ত আসলেই বিস্ময়কর। শাহাদাত আর শফিউলের পক্ষে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সামনে একটানা কতক্ষণ বল করা সম্ভব? কাল সকালেই বেধড়ক মার খাওয়ায় মাত্র ৪ ওভারেই থামিয়ে দিতে হয়েছে শাহাদাতের প্রথম স্পেল!রবিউলকে লর্ডসে অভিষেক নিয়েও যেমন প্রশ্ন তোলা যায়। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স অভিষেকের দরজা খুলে দিলেও রবিউল দেখেছেন কঠিন বাস্তবতা। প্রস্তুতি ম্যাচ আর টেস্টের পার্থক্যটা দেশে ফিরে নিশ্চয়ই বাংলাদেশের তরুণ বোলারদের বলবেন তিনি। তবে সবার আগে সেটা শোনা দরকার টিম ম্যানেজমেন্ট আর নির্বাচকদের। গত কয়েকটা সিরিজে নিয়মিত ভালো বল করা শফিউলকে বসিয়ে রবিউলকে টেস্টে নেওয়ার সিদ্ধান্ত তো তাদেরই! তাতে লাভ হলো কি? ওল্ড ট্রাফোর্ডে তো সেই শফিউলকেই ফিরিয়ে আনতে হলো আবার! ৪৮ রানের মধ্যে ইংল্যান্ডের দুই উইকেট তুলে নিয়ে এই পেসার তাঁর সামর্থ্যও দেখিয়ে দিলেন টেস্টের প্রথম দিন।