স্পিনারদের দিকেই তাকিয়ে সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভারত-ইংল্যান্ড দ্বৈরথ’কে এবারের বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসেবে আগে থেকেই স্বীকৃতি দিয়েছে অনেকেই। ম্যাচটি নিয়ে নাটকও কম হয়নি। প্রথমে এটি কলকাতার ইডেনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মাঠ প্রস্তুত না হওয়ায় ম্যাচটি সেখান থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। দুর্দান্ত এক ম্যাচ দেখার প্রত্যাশায় পুলিশের লাঠি উপেক্ষা করেই টিকিট সংগ্রহের আপ্রাণ চেষ্টা চালিয়েছে সেখানকার মানুষ। দীর্ঘদিন ধরে এই ম্যাচটা নিয়ে চলেছে কথার লড়াই। অবশেষে অনেক প্রতীক্ষা শেষে আজ মুখোমুখি লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে ধোনি ও স্ট্রাউসের বাহিনী। একেবারে শেষ মুহূর্তেও ম্যাচটা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কেমন হতে পারে ম্যাচের চেহারা, নানাভাবেই কল্পনা করার চেষ্টা করছে ক্রিকেটপ্রেমীরা।জল্পনা-কল্পনা যা-ই থাকুক, বেঙ্গালুরুতে আজকের ম্যাচে ফল নির্ধারণী নিয়ামক যে হয়ে উঠবেন স্পিনাররাই, তাতে সন্দেহ নেই অনেকেরই। সবার কথা একটাই, বেঙ্গালুরুতে স্পিনারদের ওপর ভর করেই বাজিমাত করবে যেকোনো একটি দল।বিশ্বকাপ শুরুর পর থেকেই আলোচনার কেন্দ্রে স্পিনাররা। বেশ কয়েকটি ম্যাচেই স্পষ্ট হয়ে গেছে, বিশ্বকাপে স্পিনারদের ওপরই ভরসা করতে হবে প্রতিটি দলকে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে দলের বিজয়ে অবদান রেখেছেন স্পিনাররা। সব মিলিয়ে বিশ্বকাপে তাই স্পিনাররাই হয়ে উঠছেন কেন্দ্রীয় চরিত্র।বেঙ্গালুরুর আজকের ম্যাচেও স্পিনাররাই রয়েছেন আলোচনায়। সন্দেহ নেই, স্পিনার নিয়ে দুই দলের লড়াইয়ে বহু যোজন এগিয়ে থাকবে ভারতীয়রা। কারণ, দলটিতে রয়েছে হরভজন সিংয়ের মতো একজন বিশ্বমানের স্পিনার। ভারতীয় স্কোয়াডে পীযূষ চাওলা ও রবিচন্দন অশ্বিনের মতো স্পিনাররা থাকলে তাঁরা বেঙ্গালুরুতে হরভজনের সঙ্গী হবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে ব্যাটিংয়ে শক্তি বাড়াতে ভারতের দুই স্পিনার নিয়ে খেলার সম্ভাবনা বেশ কম। কারণ, হরভজনের পাশাপাশি ব্যাটসম্যান যুবরাজ, শেবাগ আর ইউসুফ পাঠানের ঘূর্ণিটা যে অনেক বেশি কার্যকর।ভারতের মতো ইংলিশদের স্পিন আক্রমণ অতটা ধারালো নয়। ভরসা বলতে সবেধন লীলমণি গ্রায়েম সোয়ান। তবে সোয়ান যে একজন দুর্দান্ত পারফর্মার তার প্রমাণ তিনি রেখেছেন গত দুটি মৌসুমে। গত বছরের শুরুর দিকে বাংলাদেশ সফরেও এই সোয়ান ছিলেন দারুণ কার্যকর। আজকের ম্যাচে সোয়ানের সহযোগী হতে হবে কেভিন পিটারসেনকেই। তবে স্পিনারদের নিয়ে আলোচনা থাকলেও ইংলিশদের মূল ভরসা যে হবেন ব্রেসনান, ব্রড, অ্যান্ডারসনরা, তাতে কোনো সন্দেহ নেই।শেষ পর্যন্ত দুই দলই কী রণকৌশল সাজিয়ে মাঠে নামবে, তা জানার জন্য খেলা শুরুর আগমুহূর্ত পর্যন্তই অপেক্ষা করতে হবে। শেষ মুহূর্তের উইকেট কন্ডিশন দেখেই চূড়ান্ত একাদশটা ঠিক করবেন স্ট্রাউস ও ধোনি। টাইমস অব ইন্ডিয়া।