আপনাদের জন্য ছোট্ট একটা কুইজ। বলুন তো, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে কম রানে অলআউট হয়েছে কোন দুটি দল?উত্তর: আফগানিস্তান ও ইংল্যান্ড!টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে দুর্বল দলটার সঙ্গেই কিনা একই ব্র্যাকেটে বন্দী হতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের! আরও মজার ব্যাপার, আফগানিস্তানকে ৮০ রানে অলআউট করেছিল ইংল্যান্ডই। এর দুই দিনের মাথায় তারাই সমান রানে অলআউট ভারতের বিপক্ষে। ভারতীয় স্পিনে রীতিমতো নাকাল হতে হয় স্টুয়ার্ট ব্রডের দলকে। দলে ‘অনিয়মিত’ হয়ে পড়া দুই স্পিনার হরভজন সিং আর পীযূষ চাওলা রীতিমতো ঘোল খাইয়ে ছেড়েছেন ইংলিশ ব্যাটসম্যানদের। দুজন মিলে ৮ ওভার বল করে মাত্র ২৫ রানে নিয়েছেন ৬ উইকেট!আজ সুপার এইটে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ বলে ব্রড যে স্বস্তির নিশ্বাস ফেলবেন, সেই সুযোগও নেই। ওয়েস্ট ইন্ডিজ দলে আছেন সুনীল নারাইন, টি-টোয়েন্টি ফরম্যাটে এখনকার সেরা স্পিনারদের একজন। আন্তর্জাতিক মঞ্চের পাদপ্রদীপে আসার আগেই যাঁকে ৭ লাখ ডলার দিয়ে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। গত আইপিএলের সেরা খেলোয়াড় হিসেবে নিজের দামের যথার্থতা নারাইন প্রমাণও করেছেন।আগের ম্যাচে স্পিনের বিপক্ষে ইংলিশদের এমন হাবুডুবু খেতে দেখেই নাকি ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি দলে স্পিনার বাড়ানোর কথা ভাবছেন। লেগ স্পিনার স্যামুয়েল বদ্রিকে তাই দেখা যেতে পারে আজকের একাদশে। যদিও ইংলিশ ওপেনার ও উইকেটকিপার ক্রেইগ কিসওয়েটার বলছেন, ওই এক ম্যাচ দিয়েই সব সমীকরণ মিলিয়ে ফেললে ভুল করা হবে, ‘আমরা আগেও স্পিন অনেক ভালো খেলেছি। শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তানকে এই উপমহাদেশেই হারিয়েছি। গত ম্যাচটা ছিল স্রেফ এক ম্যাচের বাজে খেলার ফল।’ গত ম্যাচ নাকি তাদের আত্মবিশ্বাসে কোনো চিড়ও ধরায়নি। বরং চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখতেই ইংল্যান্ড দৃঢ়প্রতিজ্ঞ। সেই বার্তাই দিলেন কিসওয়েটার, ‘গত ম্যাচ নিয়ে আমরা হতাশায় ভেঙে পড়িনি। আত্মবিশ্বাস এখনো উঁচুতে বাঁধা।’কিসওয়েটার নিজেও অবশ্য দুশ্চিন্তার কারণ হয়ে আছেন অ্যান্ডি ফ্লাওয়ারের জন্য। দুটি ম্যাচেই কিসওয়েটার আর অ্যালেক্স হেলসের উদ্বোধনী জুটি জমেনি। ভেঙে গেছে প্রথম ওভারে। তবে আফগানদের বিপক্ষে অপরাজিত ৯৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে লুক রাইট বুঝিয়ে দিয়েছেন, তাঁর দিনে তিনি একাই এলোমেলো করে দিতে পারেন সব হিসাব। কিন্তু ক্যারিবীয়দের খাঁচায় যে ক্রিস গেইল নামের একটা সিংহও আছে! অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩ বলে ৫৪ করে গেইলও জানান দিয়েছেন, তিনি প্রস্তুত। ওয়েস্ট ইন্ডিজের জন্য এই ম্যাচে একটা সুখবরও আছে। আইরিশদের বিপক্ষে খেলতে না পারা ডোয়াইন ব্রাভো ফিরে আসছেন একাদশে। গত জুনে ইংলিশদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ টি-টোয়েন্টিতেও ৩৬ বলে ৫৪ করেছিলেন ব্রাভো।শক্তির বিচারে দুই দল একদম কাছাকাছি। যদিও মুখোমুখি লড়াইয়ের হিসাব বলছে, ওয়েস্ট ইন্ডিজই এগিয়ে (৫-৩)। ওয়েবসাইট।