স্পিনে জিতল বাংলাদেশ ‘এ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিত্যনতুন চেহারার বাংলাদেশ ‘এ’ দল দেখেই কি ভড়কে গেল ইংরেজ-সিংহরা? ইংল্যান্ড লায়ন্স নামের ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম দুই ম্যাচেই ১৮ জন খেলেছেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে। সেই ধারাবাহিকতায় কাল তৃতীয় ম্যাচে যোগ হয় আরও চারটি নতুন মুখ। জোড়াতালি দেওয়া সেই বাংলাদেশ ‘এ’ দলও জিতল ৭৫ রানে। পাঁচ ম্যাচের আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজে চট্টগ্রাম পর্ব শেষে ২-১-এ এগিয়ে গেল স্বাগতিকেরা।টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ‘এ’ দল করে ৯ উইকেটে ২১৮ রান। সর্বোচ্চ ৫৩ রান করেন চার নতুন মুখের একজন নাসিরউদ্দিন ফারুক। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সর্বশেষ ম্যাচেও ফিফটি পেয়েছিলেন এই ওপেনার। এ ছাড়া বলার মতো রান করেছেন শুভাগত হোম (৪৫) ও মাহমুদুল হাসান (৪৭*)। ইংল্যান্ড ‘এ’ দলের বাঁহাতি স্পিনার ড্যানি ব্রিগস ৩১ রানে নিয়েছেন ৩ উইকেট।২১৯ রানের লক্ষ্যে ছোটা ইংলিশদের শুরুটা হয়েছিল ভালোই। ৭.৩ ওভারেই ৪৮ রান। অষ্টম ওভারের চতুর্থ বলে জেমস ভিন্সকে বোল্ড করে প্রথম আঘাত হানেন অধিনায়ক সোহরাওয়ার্দী শুভ। সফরকারীদের ধসের সূচনাটাও এখানে। ৪৮ থেকে ৭৭—২৯ রানের মধ্যে ইংলিশদের পাঁচটি উইকেট তুলে নেন দুই বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী ও এনামুল জুনিয়র। এই দুজনের সঙ্গে দুই অফ স্পিনার মাহমুদুল ও শুভাগতও একটি করে উইকেট নিয়ে ১৪৩ রানেই শেষ করে দেন লায়ন্সদের ইনিংস। ২৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ-সেরার স্বীকৃতি পেয়েছেন সোহরাওয়ার্দী।সিলেটে সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ১৬ ও ১৮ জানুয়ারি।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ ‘এ’: ৫০ ওভারে ২১৮/৯ (নাসিরউদ্দিন ৫৩, মাহমুদুল ৪৭*, শুভাগত ৪৫, ধীমান ২৫; ব্রিগস ৩/৩১, মিকার ২/৪৩)। ইংল্যান্ড ‘এ’: ৩৪.৪ ওভারে ১৪৩ (বর্থউইক ৪৪, হ্যালিস ৩৯; সোহরাওয়ার্দী ৪/২৫, এনামুল ২/২১)।ফল: বাংলাদেশ ‘এ’ ৭৫ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: সোহরাওয়ার্দী শুভ।