স্পিনে ভরসা উইন্ডিজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় দলটি ছিল ফাস্ট বোলারদের অভয়ারণ্য। স্পিনাররা সেখানে ছিল সৎভাই। সেই ওয়েস্ট ইন্ডিজ দলেই আজ তিন স্পিনার। আগামীকাল শুরু হতে যাওয়া পোর্ট অব স্পেন টেস্টের জন্য ঘোষিত ১৪ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছে তিন বিশেষজ্ঞ স্পিনারের নাম। দেবেন্দ্র বিশু ও নরসিং দেওনারায়ণ খেলেছেন ব্রিজটাউনে প্রথম টেস্টেই। তৃতীয় স্পিনার হিসেবে ডাকা হয়েছে অফ স্পিনার শেন শিলিংফোর্ডকে।পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালকে এবার বানানো হয়েছে স্পিনবান্ধব। প্রথম টেস্টে স্পিনে কিছুটা অস্বস্তি প্রকাশ পেয়েছিল অস্ট্রেলীয়দের। এটা দেখেই সম্ভবত ১৮ মাসের নির্বাসন থেকে ফিরিয়ে আনা হয়েছে বিতর্কিত অফ স্পিনার শিলিংফোর্ডকে। ২০১০ সালে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ২৯ বছর বয়সী এই ডমিনিকান। গত বছরের জুনে আইসিসি পাঁচটি টেস্ট খেলা এই স্পিনারের অ্যাকশন বৈধ ঘোষণা করলেও দলে আর সুযোগ পাচ্ছিলেন না। ঘরোয়া ক্রিকেটে সর্বশেষ পাঁচ ম্যাচে ৩৮ উইকেট নিয়ে অবশেষে পেলেন সেই সুযোগ।ব্রিজটাউন টেস্টে লেগ স্পিনার বিশুকে তুলনামূলক ভালো সামাল দিলেও বাঁহাতি স্পিনার দেওনারায়ণ ভালোই ভুগিয়েছেন অস্ট্রেলিয়াকে। শেষ দিনে উইকেটকে কাজে লাগিয়ে ৪ উইকেট নিয়েছেন দেওনারায়ণ। আর এ জন্যই আরেকবার সফরকারীদের স্পিন-পরীক্ষায় ফেলতে চাইছে স্বাগতিকেরা।প্রথম টেস্টটা নাটকীয়ভাবে ৩ উইকেটে জেতার উত্তেজনাটা মিইয়ে আসার পর অস্ট্রেলিয়া নজর দিচ্ছে ওই ম্যাচে করা ভুলগুলোর দিকে। ম্যাচটা শেষ পর্যন্ত জিতলেও প্রথম তিন দিন অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘুরিয়েছে ওয়েস্ট ইন্ডিজই। যাচ্ছেতাই ফিল্ডিং করে সাত সাতটি ক্যাচ ছেড়েছেন অস্ট্রেলিয়ার ফিল্ডাররা। ব্যাটসম্যানরা কেউই সেঞ্চুরি পাননি। অধিনায়ক ক্লার্কের জন্য এটাও ভাবনার। ক্লার্ক জানেন, এ রকম ভুল করে দ্বিতীয়বার পার পাওয়া যাবে না। তাই সতীর্থদের সাবধানবাণীই শুনিয়েছেন ক্লার্ক, ‘ত্রিনিদাদে আমাদের ভালো শুরুটা নিশ্চিত করতে হবে, সেটা ব্যাটিং ও বোলিং দুই ক্ষেত্রেই। কঠিন ও লড়াকু প্রতিপক্ষের বিপক্ষে সুযোগ হারানোর বিলাসিতা দেখানো যাবে না। আমাদের অবশ্যই এই দিকটায় উন্নতি করতে হবে।’অন্যদিকে দুঃখজনকভাবে হারলেও এই হার থেকেই অনুপ্রেরণা খুঁজছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি। বিশ্বের অন্যতম সেরা দলের সঙ্গে যেভাবে লড়েছে তাঁর দল, তাতে গর্বিত স্যামি, ‘বড় একটা দলের বিপক্ষে আমরা আধিপত্য দেখিয়েছি। আর ব্যালকনিতে ওদের যেভাবে উদ্যাপন করতে দেখলাম, সেটাই আমার জন্য অনেক কিছু। আমাদের ওটা মনে রাখতে হবে এবং ত্রিনিদাদে আরও ভালো করতে হবে।’ ওয়েবসাইট।