হায়দরাবাদ টেস্টে প্রথম দিনে ভারতের উইকেট পড়েছিল ৫টি। কাল দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডও দিন শেষ করল সেই ৫ উইকেটেই। আগের দিন হাসিমুখেই সাজঘরে ফিরেছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু কাল দিন শেষে কিউই অধিনায়ক রস টেলরের মুখে হাসি নেই। থাকবে কী করে? প্রথম দিনের শেষে স্কোরবোর্ডে ভারতের রান ছিল ৩০৭, কাল সফরকারীদের সংগ্রহ মাত্র ১০৬। ফলোঅন চোখ রাঙাচ্ছে। ভারতের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৩৩২ রানে পিছিয়ে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে স্পিন দিয়েই কাল কাবু করেছে ভারতীয়রা। দুই পেসার জহির খান ও উমেশ যাদব মিলে বোলিং করেছেন মাত্র ৮ ওভার। নতুন বলের চাকচিক্য নষ্ট হওয়ার আগেই অষ্টম ওভারে প্রজ্ঞান ওঝার হাতে বল তুলে দেন ধোনি। নগদ সাফল্য। তৃতীয় বলেই ব্রেন্ডন ম্যাককালামকে কাভারে বিরাট কোহলির ক্যাচ বানান ওঝা। নিউজিল্যান্ডের রান তখন ২৫, ম্যাককালামের ২২। এর ২০ রানই ছিল জহির খানের ২১ বল থেকে নেওয়া। একাদশ ওভারে রবিচন্দ্রন অশ্বিনকে আক্রমণে আনেন ধোনি। প্রথম বলেই আউট মার্টিন গাপটিল। নিজের পরের ওভারেই টেলরকে আউট করেন ৩ উইকেট নেওয়া অশ্বিন। ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পরই কিউই ইনিংসের সবচেয়ে বড় জুটিটি (৪৪ রান) গড়েন কেন উইলিয়ামসন ও জেমস ফ্রাঙ্কলিন। দিনের খেলা শেষ হওয়ার তিন ওভার আগে উইলিয়ামসকে ফেরান ওঝা।দিন শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন অশ্বিন। বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন এই অফস্পিনার, ‘আমি মনে করি, আমরা ভালো বল করেছি এবং এখন আমাদের ফলোঅনের দিকেই দৃষ্টি দেওয়া উচিত। বোর্ডে যদি ৪৪০ রান জমা হয়, তবে দিন শেষে আপনি আধিপত্য করার প্রত্যাশা করবেন।’এর আগে আগের দিনের ৩০৭ রানের সঙ্গে আরও ১৩১ রান যোগ করে ভারত। ষষ্ঠ উইকেটে ১২৭ রান যোগ করেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া চেতেশ্বর পূজারা ও ধোনি। লাঞ্চ পর্যন্ত আর কোনো উইকেট পড়তে না দিলেও এ দুজন রান তুলেছিলেন মাত্র ৬৭। রাহুল দ্রাবিড়ের ফেলে যাওয়া দেয়ালটা মনে হয় গড়তে পারবেন পূজারা। ৩৮৭ বলে ১৫৯ করা পূজারার বিদায়ের পর অশ্বিনের ৩৭ রানেই ৪৩৮ করে ভারত। দিনের দ্বিতীয় সেশনেই ভারতের শেষ ৫টি উইকেট পড়েছে। ১০০ রানে ৪ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের অফস্পিনার জিতান প্যাটেল।বৃষ্টির হুমকিতে কাল ২৫ মিনিট দেরিতে শুরু হয়েছিল খেলা। বৃষ্টির পূর্বাভাস আছে আগামী দুই দিনেও। তাই ভারতীয় স্পিনাররা মুখিয়ে আছেন নিউজিল্যান্ডকে তাড়াতাড়ি গুটিয়ে দেওয়ার জন্যই। তথ্যসূত্র: ক্রিকইনফো