স্পিনেই জয় ‘এ’ দলের
দুই দলের দ্বিতীয় ইনিংস যেন কেবলই আনুষ্ঠানিকতা। ফলাফল হয়ে গেছে প্রথম ইনিংসেই! চার দিনের ম্যাচের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের মতো ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দলও অলআউট ১৮৬ রানে। প্রথম ইনিংসে যে ৫২ রানের লিড ছিল, শেষ পর্যন্ত সেই ৫২ রানেই জিতেছে রকিবুল হাসানের দল।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল শেষ দিনে খেলা হলো ১৮ ওভার ৪ বল। আগের দিনের ১২০ রানের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দল যোগ করল আর মাত্র ৬৬ রান। ক্যারিবীয় ব্যাটসম্যানরা এদিনও বাংলাদেশি স্পিন-বিষেই নীল হয়েছে। আগের দিনের ৪ উইকেটের সঙ্গে কাল কটেরেলের শেষ উইকেটটিও নিয়ে নিজের ৫ উইকেট পূর্ণ করেছেন সাকলাইন। তবে ম্যান অব দ্য ম্যাচ আরেক বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। প্রথম ইনিংসের ৭ উইকেটের সঙ্গে দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৭৩ রানে ৩ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ১১৮ রানে ১০ উইকেট এনামুলের। অপরাজিত ৪৭ রান করে কাইল হোপের পর ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দলের জাহমার হ্যামিল্টনই যা একটু প্রতিরোধ গড়তে চেয়েছেন।সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ ‘এ’: ১৯৯ ও ১৮৬। ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দল: ১৪৭ ও ৫৭.৪ ওভারে ১৮৬ (হোপ ৫২, হ্যামিল্টন ৪৭*, বার্কলে ৩৩, ফ্লেচার ২০, কারিয়া ১৮; সাকলাইন ৫/৬১, এনামুল জুনিয়র ৩/৭৩, শাহাদাত ১/৯, নাঈম ১/১৮)।ফল: বাংলাদেশ ‘এ’ ৫২ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: এনামুল জুনিয়র।