স্পিনেই ধসে পড়ল আফগানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিবকে নিয়ে ম্যাচ জিতিয়ে ফেরা এনামুল হাই-ফাইভ করলেন অধিনায়ক মুশফিকের সঙ্গে। কাল মিরপুরে । প্রথম আলো
সাকিবকে নিয়ে ম্যাচ জিতিয়ে ফেরা এনামুল হাই-ফাইভ করলেন অধিনায়ক মুশফিকের সঙ্গে। কাল মিরপুরে । প্রথম আলো

ওটা তাঁর হাসিই, নাকি কথা বলার সময় মুখটা ও রকম হয়ে যায়, বলা কঠিন। তবে এত কিছু না ভেবে স্বাভাবিকভাবে দেখলে মোহাম্মদ নবীকে সদা হাস্যোজ্জ্বলই মনে হবে। যিনি ‘আমরা ওয়ানডের চেয়ে টি-টোয়েন্টিটা ভালো খেলি’ বলার সময় যেমন হাসেন, তেমনি হাসেন পরাজয়ের ব্যাখ্যা দিতে বসেও।
কাল ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে মুখে সেই হাসিটা ফুটিয়ে আফগানিস্তান অধিনায়ক বলতে লাগলেন, ‘শুরুতেই আমাদের কিছু উইকেট পড়ে গেল। প্রথম বলেই প্রথম উইকেট হারানো চাপে ফেলে দেয়। গুলবাদিনকে সে কারণেই তিন নম্বরে পাঠানো। সে ভালো ব্যাটিং করেছে, তবে সাকিব-রাজ্জাকও খুব ভালো বোলিং করেছে।’ বিস্ময়কর হলেও সত্যি, আফগানিস্তান নাকি তার পরও ম্যাচটা উপভোগ করেছে! ‘এটা অনেক বড় ম্যাচ ছিল এবং আমরা ম্যাচটা উপভোগই করেছি। অনেক চাপ ছিল। আমরা সেই চাপটা নিতে পারিনি’—বলছিলেন আফগান অধিনায়ক।
অথচ এক দিন আগে সংবাদ সম্মেলনে এই নবীই বলেছেন উল্টো কথা। বাংলাদেশ খেলবে নিজেদের মাঠে, পরিচিত দর্শকদের সামনে। কাজেই চাট-টাপ সব নাকি বাংলাদেশের ওপরই, তাদের ওপর কোনো চাপ নেই! কাল হলো উল্টো। পরিচিত দর্শকদের সামনে পরিচিত উইকেটের সুবিধা কাজে লাগিয়েই আফগানদের ধসিয়ে দিলেন বাংলাদেশের স্পিনাররা।
হারের কারণ হিসেবে উইকেটকে সামনে এনেছেন নবীও। তবে তাঁর বিশ্বাস, আফগানিস্তানের রান ১২০-১৩০ হলে লড়াই আরও জমত। লড়াই না জমার জন্য একজন আফগানিস্তানের অতি আত্মবিশ্বাসকেও কারণ হিসেবে দাঁড় করাতে চাইলেন সংবাদ সম্মেলনে। আফগান অধিনায়ক অবশ্য সেটা মানলেন না, ‘না, আমরা অতি আত্মবিশ্বাসী ছিলাম না। হার খেলারই একটা অংশ। বাংলাদেশ আজ (গতকাল) অনেক ভালো খেলেছে এবং সে জন্যই জিতেছে। নইলে আমরা ওভাবে হারার দল নই। পিচ, কন্ডিশন সবকিছুই একটু কঠিন ছিল।’
এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হার কিছুটা হলেও ভড়কে দিয়েছিল বাংলাদেশ দলকে। তবে প্রস্তুতি ম্যাচে আরব আমিরাত আর আয়ারল্যান্ডকে হারানোর পর মুশফিকুর রহিমের দল যেন হারানো ছন্দ ফিরে পায়। সেই ছন্দে তাল মিলিয়েই কাল জেতা হয়ে গেল আফগান ‘যুদ্ধ’ও। খেলা শেষে পুরস্কার প্রদান মঞ্চে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমও ফিরে পাওয়া ছন্দের কথাই বললেন আগে, ‘চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে ছিল ছেলেরা। অনুশীলন ম্যাচেও সে কারণেই ভালো খেলেছে ওরা।’
নবীর মতো মুশফিকও মনে করেন, মিরপুরের কালকের উইকেট ১২০-১৩০ রান করার মতো ছিল, ‘তারা উইকেটটা বুঝতে পারেনি। এখানে ১২০-১৩০ রান হতে পারে। কিন্তু শুরুতেই কিছু উইকেট নিয়ে নেওয়ায় আমাদের জন্য কাজটা সহজ হয়েছে।’ সঙ্গে নিজের সুস্থ হয়ে উইকেটের পেছনে আসা, তামিম-মাশরাফির স্বরূপে ফেরা—জয়ের পেছনের কারণ হিসেবে এসবও রাখলেন বাংলাদেশ অধিনায়ক।
মুশফিক আলাদা করে না বললেও আফগানদের অল্প রানে গুটিয়ে দেওয়ায় বড় ভূমিকা সাকিব আল হাসানের, যিনি মাত্র ৮ রানে ৩ উইকেট নিয়েছেন। শুধু সাকিব কেন? ২ উইকেট নেওয়া রাজ্জাক বা ১ উইকেট নেওয়া মাহমুদউল্লাহকেও ঠিকভাবে পড়তে পারলেন না আফগান ব্যাটসম্যানরা। নবীর কথাতেও বাংলাদেশের স্পিন বুঝতে না-পারার হতাশা, ‘এশিয়া কাপ থেকেই স্পিনের বিপক্ষে ভুগছি আমরা। এশিয়া, বিশেষ করে বাংলাদেশের কন্ডিশন স্পিন সহায়ক। তবে আমরা চেষ্টা করব স্পিনের বিপক্ষে পারফরম্যান্সে উন্নতি আনতে।’
হংকং আর নেপাল তৈরি তো?

৭২ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন দলীয় ইনিংস
৪-১-৮-১ পুরো কোটা বোলিং করে বাংলাদেশের পক্ষে সবচেয়ে মিতব্যয়ী বোলিং মাহমুদউল্লাহর
৯ উইকেটের হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় জয়