স্পিনেই ভরসা শ্রীলঙ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র দুটি টেস্টের ব্যতিক্রমী সফর। না আছে কোনো ওয়ানডে, না কোনো টি-টোয়েন্টি। কিন্তু শ্রীলঙ্কা ও ইংল্যান্ড দুই দলের জন্যই দুই টেস্টের এই সিরিজের গুরুত্ব অনেক। মাহেলা জয়াবর্ধনে আবারও শ্রীলঙ্কার অধিনায়ক হওয়ার পর এটাই প্রথম টেস্ট সিরিজ। মুত্তিয়া মুরালিধরনের অবসরের পর এখনো কোনো টেস্ট সিরিজ না জেতা লঙ্কানদের সামনে সুযোগ প্রথম সিরিজ জয়ের। অন্যদিকে আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে মাত্রই ধবলধোলাই হয়ে আসা ইংল্যান্ডের সুযোগ তাদের এক নম্বর র‌্যাঙ্কিং নিয়ে ওঠা প্রশ্নবোধক চিহ্নটাকে মুছে ফেলার। দুবাই ও আবুধাবিতে পাকিস্তানের স্পিনেই কাবু হয়েছিল ইংলিশরা। বিশেষ করে সাঈদ আজমল ও আবদুর রেহমানের স্পিনে নাজেহাল হয়ে হারে ৩-০-তে। আজ শুরু হতে যাওয়া গল টেস্টে শ্রীলঙ্কাও চাইছে পাকিস্তানের পথই অনুসরণ করতে। মুরালির বিদায়ের পর এখনো দেশের মাটিতে কোনো টেস্ট জিততে পারেনি স্বাগতিকেরা। তবে গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে ডারবান টেস্টের জয়টা এসেছিল স্পিনে ভর করেই। ম্যাচে ৯ উইকেটে নিয়ে বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথই জিতিয়েছিলেন শ্রীলঙ্কাকে। শেষ পর্যন্ত সিরিজ হারলেও ওই জয়টাই জয়াবর্ধনের দলের অনুপ্রেরণা।এই বাঁহাতি স্পিনার আবার জ্বলে উঠবেন, জেতাবেন দলকে। এমনটাই ভাবছেন লঙ্কান অধিনায়ক, ‘আমাদের এখন আর মুরালি নেই, তবে রঙ্গনা তো আছে। দক্ষিণ আফ্রিকায় সে ভালো একটি সিরিজ কাটিয়েছে। যেখানে সবকিছুই তার নিয়ন্ত্রণে ছিল।’আরেক স্পিনার সুরাজ রণদিভকে নিয়েও আশাবাদী জয়াবর্ধনে। শ্রীলঙ্কার আবহাওয়ায় স্পিনাররাই সাফল্য এনে দেবে, এমনটাই আশা করছেন তিনি।অন্যদিকে ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস র্যাঙ্কিং নিয়ে আর ভাবছেন না। র‌্যাঙ্কিং নিয়ে মাথা না ঘামিয়ে তিনি মনোযোগ দিচ্ছেন ম্যাচ জয়ে। তবে লঙ্কা জয় যে সহজ হবে না জানেন সেটাও, ‘আমরা জানি, চ্যালেঞ্জটা কত বড়। তা ছাড়া শ্রীলঙ্কা দেশের মাটিতে খুব ভালো দল। এই চ্যালেঞ্জগুলো পেরোতে আমাদের খুব ভালো করতে হবে।’লঙ্কান স্পিনারদের জবাব দিতে ইংলিশরাও নামছে দুই স্পিনার গ্রায়েম সোয়ান ও মন্টি পানেসারকে নিয়ে। তবে দুই দলের জন্যই মাথাব্যথা হতে পারে গলের পিচ। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অস্বাভাবিক আচরণ করেছিল পিচটা। অস্ট্রেলিয়া ১২৫ রানে জিতলেও পিচ নিয়ে শ্রীলঙ্কান বোর্ডকে সতর্ক করে দিয়েছিল আইসিসি। এবার সেটা কেমন আচরণ করে সেটাই দেখার বিষয়। এএফপি, রয়টার্স।