ধীর লয়ে জিতল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিত শর্মা ও বিরাট  কোহলির দ্বিতীয় উইকেট জুটি হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে। ছবি: শামসুল হক
রোহিত শর্মা ও বিরাট কোহলির দ্বিতীয় উইকেট জুটি হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে। ছবি: শামসুল হক

১৩০ রানের লক্ষ্য। টি-টোয়েন্টিতে এ আর এমন কী—এ জাতীয় ভাবনাতেই কিনা শুরু থেকেই ধীর-লয়ে খেলল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা যে খুব বিপদে ফেলেছেন, তাও নয়। বরং হেসে খেলেই ৭ উইকেটের জয় তুলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। তবে ম্যাচের ফল আনতে ১৯.৪ ওভার খেলতে হয়েছে ভারতকে।

স্যামুয়েল বদ্রির করা প্রথম ওভারেই শিখর ধাওয়ান ফিরে যান কোনো রান না করেই। কিন্তু ওই পর্যন্তই। ড্যারেন স্যামির দলকে পরাজয়ের হতাশায় ডোবাতে রোহিত শর্মা ও বিরাট কোহলির দ্বিতীয় উইকেট জুটিতে আসে ১০৬। আন্দ্রে রাসেলের বলে ৫৪ করে কোহলি ফিরলেও রোহিত ৬২ রানে অপরাজিত থেকে তবেই ফেরেন। তবে ম্যাচ সেরা কোনো ব্যাটসম্যান নন, ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নেওয়া অমিত মিশ্র। 

এর আগে ওয়েস্ট ইন্ডিজও আটকে যায় অল্প রানের মধ্যেই। নির্ধারিত ২০ ওভারে ক্যারিবীয়দের সংগ্রহ ৭ উইকেটে ১২৯। ওয়েস্ট ইন্ডিজ ধন্যবাদ দিতেই পারে লিন্ডল সিমন্সকে। তাঁর ২২ বলে ২৭ রান টেনেটুনে বলার মতো একটা স্কোর এনে  দেয় ক্যারিবীয়দের। না হলে যেভাবে ধুঁকছিল ক্যারিবীয়রা! ১৭ ওভার শেষেও ১০০ ছুঁতে পারেনি!

গেইল দৃষ্টিকটুভাবে রান আউট হয়েছেন ৩৪ রানে। ৩৩ বল খেলে একটি চার আর দুটো ছয়ে সাজানো তাঁর ইনিংস। মিরপুরে আজ টি-টোয়েন্টির সেই স্বভাবসুলভ গেইল ছিলেন অনুপস্থিত। সিমন্সের ২৭ পাশাপাশি স্যামুয়েলসের ১৮, স্যামির ১১ ছাড়া বলার মতো আর কিছু নেই।

টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ভারত। প্রথম থেকেই ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে কিছুটা অসহায়ই মনে হচ্ছিল দুই উদ্বোধনী ব্যাটসম্যান গেইল ও ডোয়াইন স্মিথকে। স্মিথের ২৯ বলে ১১ রানের ইনিংসটি আর যা-ই হোক টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে নিদারুণ এক প্রতারণা! গেইলকেও শেকল দিয়ে বেঁধেই রেখেছিলেন ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন আর মোহাম্মদ সামি। ভুবনেশ্বর আজ করেছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের রানের হিসাবে সেরা বোলিংটা। ৩ ওভার বল করে তিনি রান দিয়েছেন মাত্র ৩। উইকেট না পেলেও ভুবনেশ্বরের এই স্পেল পিঠ চাপড়ে দেওয়ার মতোই।

উইকেট শিকারের বিচারে সবচেয়ে সফল রবীন্দ্র জাদেজা। ৪৮ রানে ৩ উইকেট তাঁর। অমিত মিশ্র ১৮ রানে ২ উইকেট নিয়ে বল হাতে নিজের ক্যারিশমা বজায় রেখেছেন আজও। ২৪ রানের বিনিময়ে অশ্বিনের সংগ্রহ একটি উইকেট। ভারতীয় স্পিনারদের বোলিংয়ের সামনে বারবার হাঁসফাঁস করতে দেখা গেছে ক্যারিবীয়দের।