অসহ্য গরম আর অদ্ভুতুড়ে সময়সূচি। এই দুটিকে সঙ্গী করেই আজ শুরু হচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়াকে আতিথেয়তা দিচ্ছে পাকিস্তান। স্বাগতিক ও সফরকারী দুই দলের লক্ষ্যই এক ও অভিন্ন, পেছনে ফেলতে হবে সাম্প্রতিক ওয়ানডে ব্যর্থতাকে। দুটি দলই হেরেছে সর্বশেষ ওয়ানডে সিরিজে। পাকিস্তান শ্রীলঙ্কার কাছে হেরেছে ১-৩ ব্যবধানে, অস্ট্রেলিয়া তো ইংল্যান্ডের কাছে চার ম্যাচের সিরিজে ‘ধবলধোলাই’-ই হয়েছে।গরমের হাত থেকে বাঁচতে এই সিরিজের ওয়ানডে ম্যাচগুলো এক দিনে শুরু হয়ে শেষ হচ্ছে মধ্যরাত পেরিয়ে অন্য দিনে! স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু খেলা, তা শেষ করে পুরস্কার বিতরণী শেষ করে দুই দলের হোটেলে ফিরতে ফিরতে প্রায় শেষরাত হয়ে যাবে। ব্যাপারটা পাকিস্তানের জন্য একেবারেই নতুন। অস্ট্রেলিয়ার অবশ্য আফগানিস্তানের সঙ্গে ম্যাচে কিছুটা এই অভিজ্ঞতা হয়েছে।পাকিস্তানের প্রতিপক্ষ ইতিহাস। সেই ২০০২ সালের পর আর অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজে সাফল্যের কোনো স্মৃতি নেই। ইংল্যান্ডের কাছে অপদস্থ হয়ে র্যাঙ্কিংয়ে এক নম্বর থেকে চারে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দুটি—গরম ও পাকিস্তানি স্পিনার।পাকিস্তানের সাফল্য পাওয়া না-পাওয়া অনেকাংশেই নির্ভর করছে স্পিনত্রয়ী সাঈদ আজমল, মোহাম্মদ হাফিজ ও শহীদ আফ্রিদির ওপর। দলে নেই সেরা পেসার উমর গুল। সহ-অধিনায়ক মোহাম্মদ হাফিজও স্পিনেই ভরসা রাখছেন, ‘আমাদের স্পিনাররা এখানে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সাফল্য পেয়েছে। আজমল বিশ্বের অন্যতম সেরা স্পিনার, আছে আফ্রিদিও। এই কন্ডিশনের জন্য ভালো স্পিনারই আমাদের আছে।’অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক চাইছেন পারফরম্যান্সের ধারাবাহিকতা। হাফিজের মতো তাঁরও ধারণা, স্পিনাররাই হবেন এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র, ‘আমি জানি, পাকিস্তানের বিপক্ষে সিরিজটায় তুমুল লড়াই হবে। আমি মনে করি, যারা স্পিন বোলিংটা ভালো করবে এবং যারা স্পিনটা ভালোভাবে খেলবে তারাই সিরিজ জিতবে।’ওয়ানডে সিরিজের পর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এএফপি। অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজ সূচি২৮ আগস্ট ১ম ওয়ানডে শারজা৩১ আগস্ট ২য় ওয়ানডে আবুধাবি৩ সেপ্টেম্বর ৩য় ওয়ানডে শারজা৫ সেপ্টেম্বর ১ম টি-টোয়েন্টি দুবাই৭ সেপ্টেম্বর ২য় টি-টোয়েন্টি দুবাই১০ সেপ্টেম্বর ৩য় টি-টোয়েন্টি দুবাই* ওয়ানডে রাত ৮টা ও টি-টোয়েন্টি রাত ১০টা থেকে