স্পিনের বিপক্ষে লড়াই অস্ট্রেলিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া এক নম্বর দল, শ্রীলঙ্কা দুইয়ে। এখানে খুব একটা পিছিয়ে না থাকলেও রেকর্ডের পাতায় অস্ট্রেলিয়ার চেয়ে ঢের পিছিয়ে শ্রীলঙ্কা। সম্মুখসমরে অস্ট্রেলিয়ার জয় যেখানে ৪৭টি, শ্রীলঙ্কা জিতেছে মাত্র ২২ ম্যাচ। এদিক দিয়ে আজ থেকে শুরু পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াই ফেবারিট।কিন্তু বাস্তবতা হলো, র‌্যাঙ্কিং কিংবা অতীত লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে থাকা নিয়ে তৃপ্তির ঢেকুর তোলার ফুসরতই নেই অস্ট্রেলিয়ার। তাদের চিন্তায় শুধুই শ্রীলঙ্কান স্পিনাররা। দুর্বোধ্য স্পিনের ফাঁদে পড়েই তো দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হতে হয়েছে অস্ট্রেলিয়াকে।লঙ্কান স্পিনারদের বিপক্ষে সফরকারীদের অসহায়ত্বের দৃষ্টান্ত হয়ে আছে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। ৯ উইকেটে করা শ্রীলঙ্কার ১৫৭ রানের জবাবে কোনো উইকেট না হারিয়ে ৫.৪ ওভারে ৭১ রান তুলেও অস্ট্রেলিয়া ম্যাচ জিততে পারেনি এক অজন্তা মেন্ডিসের কারণে। মেন্ডিসের সামনে আনাড়িই মনে হয়েছে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের। ১৬ রানে ৬ উইকেট নিয়ে টি-টোয়েন্টির সেরা বোলিংয়ের মালিক বনে যাওয়া মেন্ডিস ও তাঁর সতীর্থ স্পিনারদের সফলভাবে সামলানোটাই হবে অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের বড় অস্ত্র। টি-টোয়েন্টি সিরিজে হারার পর দেশে ফেরার আগে টি-টোয়েন্টি অধিনায়ক ক্যামেরন হোয়াইটও বলে গেলেন সেটাই, ‘ওয়ানডে সিরিজেও ব্যতিক্রম কিছু হবে না। স্পিনারদের বিপক্ষে খেলাটা ব্যাটসম্যানদের জন্য খুব কঠিন হবে।’ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া পাচ্ছে তিন অভিজ্ঞ ব্যাটসম্যান—টি-টোয়েন্টি সিরিজে দলের বাইরে থাকা মাইকেল ক্লার্ক, রিকি পন্টিং ও মাইক হাসিকে। শ্রীলঙ্কার স্পিনারদের বিপক্ষে খেলার ঢের অভিজ্ঞতা থাকায় ক্যামেরনের আশাবাদ, ওয়ানডে সিরিজে দেখা যাবে অন্য অস্ট্রেলিয়াকে, ‘সিনিয়ররা অতীতে অনেকবারই মেন্ডিসের মুখোমুখি হয়েছে, যা অবশ্যই কাজে দেবে। এসব বোলারের বিপক্ষে যত বেশি খেলবেন, তাদের মুখোমুখি হওয়াটা ততই সহজ হবে।’পরিবর্তন এসেছে শ্রীলঙ্কা দলেও। পিঠের চোট কাটিয়ে লাসিথ মালিঙ্গা এবং তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে উপুল থারাঙ্গা ফিরেছেন ওয়ানডে দলে। বাদ পড়েছেন দিলরুয়ান পেরেরা ও ফাস্ট বোলার ধাম্মিকা প্রসাদ। টি-টোয়েন্টির পারফরম্যান্সটাকেই নতুন সিরিজে ধরে রাখার ওপর জোর দিচ্ছেন অধিনায়ক তিলকারত্নে দিলশান, ‘অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় দিয়ে শুরু করতে পারাটা অবশ্যই বড় ব্যাপার। আমি নিশ্চিত, ওয়ানডে সিরিজেও এই গতি ধরে রাখতে পারব। ওয়ানডে সিরিজটা যদিও অনেক বেশি কঠিন হবে, তার পরও ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী আমি।’ এ ক্ষেত্রে শ্রীলঙ্কার প্রেরণা হতে পারে ওয়ানডের শীর্ষ দল হওয়ার হাতছানি। শ্রীলঙ্কা যদি ৪-১ ব্যবধানে সিরিজ জিততে পারে, অস্ট্রেলিয়াকে সরিয়ে তারাই প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠবে।পাল্লেকেলেতে আজ সিরিজের প্রথম ম্যাচ। পরের চারটি ওয়ানডে ১৪, ১৬, ২০ ও ২২ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয়টি হাম্বানটোটায়, পরের দুটি কলম্বোয়। ওয়েবসাইট।