স্পেন আমার পরিবারের মতো: ভিয়া
জাতীয় দলে ফেরাটা দারুণভাবে উদযাপন করেছেন ডেভিড ভিয়া। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর ‘লা রোজা’দের জার্সি গায়ে নিয়েই গোল পেয়েছেন সৌদি আরবের বিপক্ষে। স্পেনের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ইনজুরির কারণে খেলতে পারেননি ইউরো চ্যাম্পিয়নশিপে। মাঠের বাইরে বসে সময়টা যে ভিয়ার ভালো কাটেনি, সেটা স্বীকার করলেন দলে ফিরেই। পরিবারের কাছ থেকে দূরে থাকার যে কষ্ট, জাতীয় দলের বাইরে থেকে যেন সেটাই অনুভব করেছেন বার্সেলোনার এই স্ট্রাইকার। তিনি বলেছেন, স্পেন জাতীয় দল তাঁর কাছে পরিবারের মতোই আপন।এই তো সেদিন সৌদি আরবের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল পেয়েছেন ভিয়া। এটি ছিল স্পেনের জার্সি গায়ে তাঁর ৫২তম আন্তর্জাতিক গোল। দীর্ঘদিন পর দলে ফিরে তাঁর ওই গোলকে বিশেষ কিছু হিসেবেই দেখতে চান তিনি। আর বলেছেন, তাঁর প্রতি দলের সবার আস্থা তাঁকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছে। ‘দীর্ঘদিন পরে দলে ফিরে দারুণ লাগছে। গোলটিও ছিল আমার কাছে বিশেষ কিছু। তবে সবচেয়ে বড় ব্যাপার, ইনজুরিতে পড়ার পরও ম্যানেজমেন্ট আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি কৃতজ্ঞ।’ ভিয়ার মন্তব্য।ভিয়া বলেন, ‘ইনজুরির কারণে দলের বাইরে থাকার সময়টা একেবারেই ভালো কাটেনি। সময়টা ছিল পরিবার ছেড়ে দূরে থাকার মতোই কষ্টকর। স্পেন জাতীয় দল আমার কাছে পরিবারের মতোই বিশেষ কিছু।’এখনো নিজেকে পুরো সময় খেলার মতো সুস্থ মনে করছেন না ভিয়া। তিনি বলেছেন, ‘আমি এখনো নিজের পুরো ফিটনেস ফিরে পাইনি। তবে ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরছি। এই ফেরায় দারুণ সহায়তা পাচ্ছি কোচ দেল বস্ক ও অন্যদের।’ তিনি বলেন, ‘সৌদি আরবের বিপক্ষে ম্যাচে আমি যে সময়টুকু খেলেছি, তা আমার পূর্ণ ফিটনেস ফিরে পেতে দারুণ সহায়ক হবে।’ ওয়েবসাইট।