স্পেন আর মাদিবার জয়
১৪টি হলুদ আর একটি লাল কার্ডের লজ্জার স্মৃতি মুছে দিয়ে, অতিরিক্ত সময়ের দম আটকানো উত্তেজনার মধ্যে ১১৭ মিনিটে ইনিয়েস্তার গোলটাই শেষ পর্যন্ত হয়ে থাকল স্মরণীয় মুহূর্ত। ঝিরঝির কনফেত্তি বর্ষণের মধ্যে সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরলেন ইকার ক্যাসিয়াস। স্পেনের সোনালি প্রজন্ম পেল তাদের প্রাপ্য স্বীকৃতি। অনেক দিক দিয়েই ‘প্রথম’-এর উদাহরণ রাখা দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ পেল নতুন চ্যাম্পিয়ন।স্পেনের নামে তো বটেই, জয়ধ্বনি উঠল ‘মাদিবা’ নেলসন ম্যান্ডেলার দেশ দক্ষিণ আফ্রিকার নামেও। অনেকের কুঞ্চিত ভ্রু সোজা করে বিশ্বকাপের মতো বড় আসরের সফল আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকা। অথচ টুর্নামেন্ট শুরুর আগে ছিল কত জুজুর ভয়। ছিঁচকে চোর থেকে শুরু করে এইডস, কত কিছু নিয়েই না লেখা হয়েছে।স্পেনের সামর্থ্য নিয়ে অবশ্য কোনো সংশয় ছিল না। ২০০৮ ইউরোজয়ী দলটা এই সময় টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও করেছিল। স্পেনের প্রথম একাদশে ছিলেন বার্সেলোনার জাভি, ইনিয়েস্তা, পিকে, পুয়োল, বুসকেটস, পেদ্রোরা; যারা কয়েক বছর ধরে ক্লাব ফুটবলের নতুন ঢেউ। সঙ্গে ছিলেন আক্রমণভাগের ত্রাস ডেভিড ভিয়া। স্পেনকে ধরা হচ্ছিল সবচেয়ে ফেবারিট। ফেবারিটের সেই তালিকায় ছিল ব্রাজিল, আর্জেন্টিনা। আর বরাবরের মতো ইংল্যান্ড দল নিয়ে শোরগোল ফেলে দিয়েছিল ইংলিশ মিডিয়া।বরাবরে মতো ইংল্যান্ড-পবর্ত অবশ্য মূষিক প্রসবই করেছে। জার্মানির কাছে দ্বিতীয় রাউন্ডে হেরেছে ৪-১ গোলে। এর আগে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি, ১৯৯৮-এর চ্যাম্পিয়ন ফ্রান্স, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।আফ্রিকার ভরসা হয়ে অবশ্য টিকে ছিল ঘানা। এবারের আসরে নিজেদের নতুন করে চিনিয়েছে উরুগুয়ে। তবে অনেকের হিসাব ওলটপালট করে দেওয়া দল ছিল জার্মানি। একের পর এক সিনিয়র খেলোয়াড়দের হারাতে হারাতে তরুণ এক দলকে নিয়েই খেলতে গিয়েছিল জার্মানি। মুলার-ওজিল-খেদিরাদের তারুণ্যের সঙ্গে বিজয় পতাকা উড়িয়েছেন মিরোস্লাভ ক্লোসা, বাস্তিয়ান শোয়েনস্টাইগার। যদিও ফাইনালে শেষ পর্যন্ত হল্যান্ড আর স্পেন। আর আগেই কোয়ার্টার ফাইনালে পরপর দুই দিন বিদায় নেওয়া ব্রাজিল ও আর্জেন্টিনা।এখন হয়তো অনেকে ভুলেই গেছে, বিশ্বকাপে স্পেন শুরুটাই করেছিল ইতিহাসের অন্যতম অঘটনের শিকার হয়ে। ভিসেন্তে দেল বস্কের দলকে হারিয়ে দিয়েছিল সুইজারল্যান্ড। শেষ পর্যন্ত ওই ধাক্কা সামলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। পুরো টুর্নামেন্টে অবশ্য সাত ম্যাচে তারা গোল করতে পেরেছে আটটি। ভিয়া একাই করেছেন তার পাঁচটি।ভিয়া ছাড়াও এবারের টুর্নামেন্টে যৌথ সর্বোচ্চ গোলদাতা হয়েছেন টমাস মুলার, ওয়েসলি স্নাইডার ও ডিয়েগো ফোরলান। তবে ব্যক্তিগত নৈপুণ্যে আলাদা করে নজর কেড়েছেন ফোরলান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন চার দশক পর উরুগুয়েকে সেমিফাইনালে তোলা এই ফরোয়ার্ড। গোলের পাশাপাশি গোল-সহায়তায় এগিয়ে থাকায় মুলার জিতেছেন গোল্ডেন বুট।ব্রাজিলের জন্য বিশ্বকাপটি ছিল হতাশার। আর্জেন্টিনার জন্যও। তার চেয়েও বেশি হতাশা ছিল লিওনেল মেসির জন্য, ক্যারিয়ারের সুবর্ণ ফর্মে থেকে বিশ্বকাপে খেলতে গিয়েছিলেন। কিন্তু ম্যারাডোনা নিজে ডাগ-আউটে থেকেও মেসিকে ‘ছিয়াশির ম্যারাডোনা’ শেষ পর্যন্ত বানাতে পারেননি। এবারের আসরেও অনেক নাটকের জন্ম দিয়েছেন ম্যারাডোনা। বিশ্বকাপে বাড়তি রং চড়িয়েছে ‘গণক’ অক্টোপাস পল, ভুভুজেলা, জাবুলানি, জাকুমি। ইচ্ছাকৃত হ্যান্ডবল করে মহা আলোচনার জন্ম দিয়েছেন উরুগুয়ের লুইস সুয়ারেজ। বিস্তর নাটক হয়েছে নিকোলাস আনেলকা আর ফ্রান্সের অনুশীলন বর্জন নিয়েও।তবে সবকিছুই শেষ পর্যন্ত পার্শ্বচরিত্র হয়েই থেকেছে। আলোয় উদ্ভাসিত মঞ্চে সগর্বে উড়েছে স্পেনের লাল নিশান। ওয়েবসাইট।