স্পেন-ইংল্যান্ডের জয়, জার্মানির হোঁচট
একই দিনে ৪৫টি ম্যাচ, মাঠে নেমেছিল সব বড় দল। পরশুর এই প্রীতি ম্যাচের মেলায় সবার ভাগ্য অবশ্য সুপ্রসন্ন হয়নি। ইউরোপের বড়দের মধ্যে জয় পেয়েছে শুধু স্পেন ও ইংল্যান্ড। ফ্রান্সকে রুখে দিয়েছে বেলজিয়াম, জার্মানিকে প্যারাগুয়ে। পর্তুগাল-হল্যান্ড ম্যাচটাও শেষ হয়েছে ড্রয়ে। জ্লাতান ইব্রাহিমোভিচের মতো তারকারা যেমন আলো ছড়িয়েছেন, তেমনি রিকি ল্যাম্বার্টের মতো নতুনরাও চিনিয়েছেন নিজেদের। জার্মানি কোচ জোয়াকিম লো রক্ষণ নিয়ে এমনিতেই চিন্তায় ছিলেন। গত জুনে যুক্তরাষ্ট্রের কাছে ৪-৩ গোলে হারের ক্ষতটা এখনো শুকায়নি। নিজেদের মাঠে সেই ক্ষতে কোথায় প্রলেপ দেবেন, উল্টো তাতে নুনের ছিটা দিল প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে খাবি খাওয়া প্যারাগুয়ে জিতেই নিতে পারত ম্যাচটা। ১৫ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে গিয়েছিল তারাই। জার্মানি খেলায় ফেরে পরে (২-২)। প্যারাগুয়ে আবার এগিয়ে যাওয়ার পর লারস বেন্ডারের গোলে মান বাঁচিয়েছে জার্মানি (৩-৩)। সামনেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। রক্ষণের এই দুর্দশা যে দলের জন্য অশনিসংকেত গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার সেটি অস্বীকার করতে পারছেন না, ‘ম্যাচটা ভালো সময়েই হয়েছে, এটা আমাদের একটা সতর্কবার্তা দিয়েছে। অস্ট্রিয়ার সঙ্গে আমরা এভাবে খেলতে পারি না।’ জোয়াকিম লো-ও উদ্বেগটা আড়াল করেননি, ‘আমরা একদমই প্রাথমিক ও ট্যাকটিক্যাল কিছু ভুল করেছি। বিশেষ করে শুরুতে। মনঃসংযোগের অভাব ছিল আমাদের।’লো-র মাথাব্যথা যেখানে রক্ষণ, সেখানে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের দুশ্চিন্তা আক্রমণভাগ নিয়ে। গত মার্চ থেকে গোলের দেখা পায়নি ফ্রান্স। ব্যতিক্রম হলো না পরশুও, বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটা শেষ হয়েছে নিষ্ফলা ড্রতেই। তবে মনে যা-ই থাকুক, দেশম সেটাকে প্রকাশ করেননি, ‘সুযোগ তৈরি করতে না পারলে আমি উদ্বিগ্ন হতাম। আমরা বেলজিয়ামের সমান সুযোগ সৃষ্টি করেছি, ঘরের বাইরে খেলেছি। এখানে খুব বেশি দল জয় পায়নি।’বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন উড়ে গিয়ে গিয়েছিল অন্য গোলার্ধে। ইকুয়েডরের গায়াকিলের ম্যাচে ছিল শোকের আবহ। সদ্য অকালপ্রয়াত ইকুয়েডর স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেনিতেজের স্মরণে পালন করা হয় এক মিনিট নীরবতা। কনফেডারেশনস কাপের দুঃস্বপ্ন ভুলে স্পেন আবার ফিরেছে ছন্দে। গোল পেয়েছেন ম্যানচেস্টার সিটির আলভারো নেগ্রেদো ও আর্সেনালের সান্তি কাজোরলা। তবে বার্সা উইঙ্গার তেয়োর চোখে সহজ ছিল না ম্যাচটা, ‘কঠিন একটা ম্যাচ ছিল। শারীরিক দিক দিয়ে তারা ছিল এগিয়ে। কিন্তু আমরা ধীরে ধীরে খেলাটা ধরে নিয়েছি। জিততেও পেরেছি।’জয় পেয়েছে ইংল্যান্ডও, তবে অনেক কাঠখড় পুড়িয়ে। রুনি, ল্যাম্পার্ড বা জেরার্ডদের কেউ নন, স্কটল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ৩-২ গোলে জয়ের জয়সূচক গোলটা এনে দিয়েছেন ল্যাম্বার্ট। নামটা অপরিচিত লাগার কথা, সাউদাম্পটনের এই স্ট্রাইকারকে প্রিমিয়ার লিগই তো চিনেছে গত বছর। রূপকথার মতো কারখানার শ্রমিক থেকে পেশাদার ফুটবলার হয়ে ওঠা সেই ল্যাম্বার্টই স্বস্তির একটা জয় এনে দিয়েছেন ইংল্যান্ডকে, তা-ও বদলি হিসেবে মাঠে নেমে প্রথম স্পর্শেই। ৩১ বছর বয়সী স্ট্রাইকার এখন ভাসছেন আনন্দে, ‘সারা জীবন আমি বোধ হয় এটারই স্বপ্ন দেখে আসছিলাম। এটা আমার কাছে অনেক কিছু।’পর্তুগালের আলগার্ভে পর্তুগাল-হল্যান্ড ম্যাচেও নজর ছিল অনেকের। চোটের থাবায় পর্তুগালের মাঝমাঠ অবশ্য অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। নামতে পারেননি নানি, হোয়াও মুতিনহো। স্বাগতিকদের বিপক্ষে অবশ্য শুরুতে এগিয়ে গিয়েছিল হল্যান্ডই। কেভিন স্ট্রুটম্যানের গোলটা পরে শোধ করে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এত এত ম্যাচের মধ্যে হ্যাটট্রিক হয়েছে দুটি। ইব্রাহিমোভিচের ৩ গোলে নরওয়েকে ৪-২ গোলে হারিয়েছে সুইডেন। আর জোজি আলটিডোরের হ্যাটট্রিকে বসনিয়াকে ৪-৩ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। এএফপি, রয়টার্স।এক নজরে স্পেন ২ : ০ ইকুয়েডর পর্তুগাল ১ : ১ হল্যান্ড জার্মানি ৩ : ৩ প্যারাগুয়ে ইংল্যান্ড ৩ : ২ স্কটল্যান্ড ফ্রান্স ০ : ০ বেলজিয়াম সুইডেন ৪ : ২ নরওয়ে পোল্যান্ড ৩ : ২ ডেনমার্ক যুক্তরাষ্ট্র ৪ : ৩ বসনিয়া মেক্সিকো ৪ : ১ আইভরি কোস্ট চিলি ৬ : ০ ইরাক তুরস্ক ২ : ২ ঘানা