স্পেন-ইতালি
আজ জিতলে সবচেয়ে বেশি তিনবার শিরোপা জয়ের জার্মানির রেকর্ডে ভাগ বসাবে স্পেন। ৪৪ বছর পর ২০০৮ সালের ইউরো জিতেছিল স্পেন। আজ ইতালি জিতলে সেটাও হবে ৪৪ বছর পর ‘আজ্জুরি’দের ইউরোপ-শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার। ইউরোর ফাইনাল টাইব্রেকার দেখেছে একবারই। শেষ দুটি ফাইনালের নিষ্পত্তিও একমাত্র গোলে। ২০০৪ সালে গ্রিস হারায় পর্তুগালকে, ২০০৮ সালে স্পেন জার্মানিকে। ইউরো ও বিশ্বকাপে সাতবার ইতালির মুখোমুখি হয়ে স্পেন সরাসরি জিততে পারেনি একবারও। তাদের একমাত্র সাফল্য টাইব্রেকারে, ২০০৮ ইউরোর শেষ আটে। ২০০৮ ইউরো চ্যাম্পিয়ন স্প্যানিশ দলের আট সদস্য আছেন এবারের স্প্যানিশ দলেও। জার্মানির বিপক্ষে সেমিফাইনালে ২ গোল করে ইতালির জয়ের নায়ক বালোতেল্লি আর একটি গোল পেলেই চার গোল নিয়ে হতে পারেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। স্পেনের পক্ষে ২টি করে গোল করেছেন তোরেস, ফ্যাব্রিগাস ও আলোনসো। ২০১০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারের পর থেকে প্রতিযোগিতামূলক ফুটবলে অপরাজিত স্পেন। ইউরো ও বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গত ১৯ ম্যাচের ১৭টিতেই জিতেছে। এই ১৯ ম্যাচে মাত্র ৮টি গোল খেয়েছে স্পেন। চলতি ইউরোয় শেষ চার ম্যাচে কোনো গোল খায়নি। এবারের টুর্নামেন্টে স্পেনের জালে একমাত্র গোলটি দিয়েছেন ইতালির আন্তোনিও ডি নাতালে। গ্রুপ পর্বে দ্বিতীয়ার্ধে নেমে পাঁচ মিনিটের মধ্যেই গোলটি করেছিলেন বদলি স্ট্রাইকার নাতালে।