স্পেন-ইতালির কেউ জেতেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুর্নামেন্ট-পূর্ব ফর্ম যা-ই হোক, আরেকবার প্রমাণিত হলো যে বড় টুর্নামেন্টে ইতালিকে হিসাবের বাইরে রাখা যাবে না কখনোই। ইউরোতে এসেছে তারা সর্বশেষ তিন ম্যাচ হেরে। কিন্তু প্রথম ম্যাচেই কাল কাঁপিয়ে দিয়েছিল চ্যাম্পিয়ন ও অন্যতম ফেবারিট স্পেনকে। এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয়টা পাওয়া হয়নি। তবে নিজেদের জাতটা চিনিয়েছে ইতালিয়ানরা। গদানস্কে সর্বশেষ দুই বিশ্বচ্যাম্পিয়নের ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে।ইউরোপের দুই পরাশক্তির লড়াই। কিন্তু জমে ওঠা নিয়ে সংশয় ছিল ইতালির ফর্মের কারণেই। শেষ পর্যন্ত আক্রমণ ও পাল্টা আক্রমণে ভরপুর বিনোদনদায়ী এক ম্যাচই কিন্তু হয়েছে। দুই দলই হারিয়েছে গোল করার অনেকগুলো সুযোগ। চোটের কারণে দলের সেরা ফরোয়ার্ডকে (ডেভিড ভিয়া) হারানো স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক একাদশ সাজিয়েছিলেন কোনো স্বীকৃত স্ট্রাইকার ছাড়াই। প্লে মেকার জাভি হার্নান্দেজের সঙ্গে তিন অ্যাটাকিং মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা, ডেভিড সিলভা ও সেস ফাব্রিগাস। অল্পের জন্য পস্তাতে হয়নি দেল বস্ককে।প্রথমার্ধে সুযোগ বেশি পেয়েছে ইতালিই। চিরবিশ্বস্ত ইকার ক্যাসিয়াস কয়েকবার বাঁচিয়েছেন দলকে। ১৩ মিনিটে আন্দ্রেয়া পিরলোর দারুণ এক নিচু ফ্রি-কিক ঠেকিয়েছেন স্পেন অধিনায়ক, ৩৩ মিনিটে ফিরিয়েছেন আন্তনিও কাসানোর শট, কয়েক মিনিট পর মার্চিসিওর ভলি। প্রথমার্ধের শেষদিকে দুর্দান্ত রিফ্লেস্কে ফিরিয়েছেন খুব কাছ থেকে নেওয়া থিয়াগো মোত্তার হেড। স্পেনের হয়ে প্রথমার্ধে বেশ কিছু সুযোগ নষ্ট করেছেন সিলভা। ইনিয়েস্তাই কেবল যা একটু গোলের কাছাকাছি যেতে পেরেছেন।দ্বিতীয়ার্ধের শুরুতেই ইনিয়েস্তার দুরন্ত গতির শট বুফনের হাত ছুঁয়ে বাইরে চলে যায়। রামোসের ভুলে ক্যাসিয়াসকে ওয়ান-ওয়ান পেয়েও মারিও বালোতেল্লি বল হারান পেছন থেকে উঠে আসা রামোসের কাছে। নিষ্প্রভ বালোতেল্লির বদলি নেমেই আন্তনিও ডি নাতালে এগিয়ে দেন ইতালিকে। পিরলোর অসাধারণ এক পাস নিখুঁতভাবে জালে জড়ান ডি নাতালে। তবে বিশ্বচ্যাম্পিয়নরা ফিরে আসে চার মিনিটের মধ্যেই। বক্সের ভেতরে সিলভার অসাধারণ এক পাস থেকে বল জালে জড়ানোর আনুষ্ঠানিকতা সারেন ফাব্রিগাস।ফাব্রিগাসের বদলে নেমে ফার্নান্দো তোরেস সুযোগ পেয়েছিলেন নিজেকে প্রমাণের। কিন্তু হারিয়েছেন দুটো সুবর্ণ সুযোগ। অন্যদিকে ডি নাতালের কাছ থেকে নেওয়া ভলি চলে যায় বাইরে। ম্যাচ তাই পেয়েছে সম্ভবত প্রাপ্য ফলটাই। রয়টার্স।