স্পেন-জার্মানি-ইংল্যান্ডের জয়
খেলা হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে ক্যালদেরনে। এই মাঠটা এক ব্রাজিলিয়ানের স্পেনের জার্সিতে উজ্জ্বল অভিষেকের অপেক্ষায় ছিল। ততটা উজ্জ্বল হয়নি অ্যাটলেটিকোর স্ট্রাইকার ডিয়েগো কস্তার অভিষেক। তবে তাতে স্পেনের জয় আটকে থাকেনি। পেদ্রোর গোলে ইতালির সঙ্গে ন্যূনতম ব্যবধানে জয় পেয়েছে ইউরো ও বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্ব ফুটবলে ইতালির বিপক্ষে স্পেনের দাপট চলছেই।
প্যারিসে আরেক বড় ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স-হল্যান্ড। টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকা হল্যান্ডই ছিল এগিয়ে। তবে ডাচদের অপরাজিত ধারাটা ছিন্ন হলো ফ্রান্সের কাছেই, করিম বেনজেমা ও ব্লাইস মাতুইদির গোলে ফ্রান্স ম্যাচটা জিতেছে ২-০ ব্যবধানে।
স্টুটগার্টে মারিও গোটশের কল্যাণে চিলিকে ১-০ গোলে হারিয়েছে জার্মানি। তবে তাতে দর্শকদের দুয়ো থামানো যায়নি। ম্যাচটা জার্মানির জন্য কতটা কঠিন ছিল সেটা বুঝে নিতে পারেন অধিনায়ক ফিলিপ লামের কথায়, ‘জয়টা আমরা ভাগ্যগুণে পেয়েছি। দর্শকেরা কেন দুয়ো দিয়েছে সেটা আমি বুঝতে পারি।’
নিজেদের মাঠে ড্যানিয়েল স্টারিজের একমাত্র গোলে ইংল্যান্ড হারিয়েছে ডেনমার্ককে। এএফপি।