স্পেন দলে কস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিয়েগো কস্তা
ডিয়েগো কস্তা

ডিয়েগো কস্তার সম্মতি পেয়ে স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক আর দেরি করলেন না। অ্যাটলেটিকো মাদ্রিদের ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে ডেকেছেন স্পেন জাতীয় দলে। এই মাসেই ইকুয়েটোরিয়াল গিনি ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে স্পেন। এ জন্য পরশু যে দল দিয়েছেন দেল বস্ক, তাতে অ্যাটলেটিকো স্ট্রাইকারের নামটি আছে। যার অর্থ, গত মার্চে ব্রাজিলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলা কস্তাকে ১৬ নভেম্বরই হয়তো দেখা যাবে স্পেনের জার্সি গায়ে!
গত ২৯ অক্টোবর ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে চিঠি লিখে কস্তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন জন্মভূমি ব্রাজিল নয়, তিনি খেলতে চান নতুন নাগরিকত্ব পাওয়া স্পেনের হয়ে। ১৬ নভেম্বর ইকুয়েটোরিয়াল গিনির সঙ্গে ম্যাচটি হবে পশ্চিম আফ্রিকার দেশটির রাজধানী মালাবোতে। দক্ষিণ আফ্রিকার ম্যাচটির ভেন্যু জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়াম, যেখানে ২০১০ বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ করেছে স্পেন।
লিগে ১২ ম্যাচে ১৩ গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা। যে ফর্ম তাতে কস্তা হয়তো মাঠে নামার সুযোগ পাবেন। পেলে কস্তা হবেন স্পেনের হয়ে খেলা পঞ্চম ব্রাজিলিয়ান খেলোয়াড়। ব্রাজিলে জন্ম হলেও স্পেনের হয়ে খেলা অন্য চারজন হলেন হেরাল্ড বেসেরা, কাতনহা, দোনাতো ও অতিসম্প্রতি মার্কোস সেনা।
এত দ্রুত স্বপ্ন পূরণ হওয়ায় কস্তা খুশি। তাঁকে দলে পেয়ে খুশি কোচ দেল বস্কও, ‘সে স্পেনের হয়ে খেলার সব শর্তই পূরণ করেছে এবং সে দুর্দান্ত ফর্মেও আছে।’ চোট কাটিয়ে দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জাবি আলোনসো। বার্সা মিডফিল্ডার জাভিকে দেওয়া হয়েছে বিশ্রাম। চোটের কারণে দলে নেই জেরার্ড পিকে। মজার ব্যাপার, ইকার ক্যাসিয়াস জায়গা ধরে রাখলেও যাঁর কারণে তিনি ক্লাব রিয়ালে একরকম অপাঙেক্তয়, সেই ডিয়েগো লোপেজ ডাক পাননি। রয়টার্স।