স্পেন দলে ক্যাসিয়াসের লড়াই!
গত জানুয়ারি থেকেই উল্টো স্রোতে ইকার ক্যাসিয়াসের ক্যারিয়ারের গতি। ১০ বছরের মধ্যে প্রথমবার রিয়াল মাদ্রিদের বেঞ্চে বসে থাকার তিক্ত অভিজ্ঞতা হয়েছে এই মৌসুমেই। হোসে মরিনহো ক্যাসিয়াসের জায়গায় বেছে নেন ডিয়েগো লোপেজকে। তবে স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক নিরাশ করেননি পরীক্ষিত শিষ্যকে। ডেকেছেন কনফেডারেশনস কাপের দলে। পরশু হাইতির সঙ্গে প্রীতি ম্যাচেও প্রথম একাদশে ছিলেন। অনেক দিন মাঠে নামার পর ক্যাসিয়াসকে ছুঁয়ে গেছে মুক্ত বিহঙ্গের মতো অনুভূতি, ‘অনেক লম্বা একটা সময় গেল। কিন্তু এখন আমাকে ইতিবাচক দিকটায় তাকাতে হবে। এ মুহূর্তগুলো আমার কাছে দারুণ লাগছে।’পুরো ম্যাচ অবশ্য খেলেননি, বিরতির পর লিভারপুল গোলরক্ষক পেপে রেইনা নামেন তাঁর জায়গায়। ক্যাসিয়াস গোলপোস্ট অরক্ষিত রাখতে পারলেও রেইনা কিন্তু পারেননি। তবে সমস্যা হয়নি তাতে। কাজোরলা, ফ্যাব্রিগাসের ২ গোলে হাইতিকে বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়নরা হারিয়েছে ২-১ গোলে। স্প্যানিশ টেলিভিশন তেলেসিনোকে ক্যাসিয়াস বলেছেন অনেক দিন পর গ্লাভস হাতে গলিয়ে কিছুটা স্নায়ুচাপে ভুগছিলেন, ‘আমি খুশি। কিন্তু অনেক দিন মাঠের বাইরে থাকায় একটু স্নায়ুচাপেও ভুগছিলাম।’স্পেনের গোলবারের নিচে নিজেকে আগের মতো অপ্রতিদ্বন্দ্বীও মনে করছেন না ক্যাসিয়াস, ‘আমাকে এখন দলে লড়াই করতে হবে। কিন্তু আমি আগেই বলেছি সতীর্থদের তুলনায় আমি কিছুটা পিছিয়ে আছি। দলে জায়গা পেতে পেপে (রেইনা) ও ভিক্টরের (ভালদেস) সঙ্গে আমি লড়াই করব।’ এএফপি।