স্পেন দলে ডাক পেলেন কস্তা

সর্বজয়ী স্পেন দলের আহ্বানটা উপেক্ষা করতে পারেননি ডিয়েগো কস্তা। স্পেনের জার্সি গায়ে চড়ানোর সিদ্ধান্ত নিয়ে না-ই বলে দিয়েছেন জন্মভূমি ব্রাজিলকে। আর দুর্দান্ত ফর্মে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের এই স্ট্রাইকারকে হয়তো খুব দ্রুতই নিজেদের করে নিতে চেয়েছেন দেল বস্ক। কস্তার চূড়ান্ত সিদ্ধান্তটি জানার পর তাই আর একটুও দেরি করেননি। ডাক পাঠিয়েছেন জাতীয় দলে। ১৬ নভেম্বর ইকুয়েটোরিয়াল গায়ানার বিপক্ষেই হয়তো দেখা যাবে স্পেনের কস্তাকে।
এবারের মৌসুমে লা লিগায় মেসি-রোনালদোর মতো সেরা খেলোয়াড়দেরও ম্লান করে দিয়েছেন ডিয়েগো কস্তা। প্রথম ১২ ম্যাচেই করেছেন ১৩টি গোল। আর এই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েই সবার টনক নড়িয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই স্ট্রাইকার। ব্রাজিলের কোচ লুইজ ফেলিপে স্কলারিও যেমন উদগ্রীব হয়ে ছিলেন কস্তাকে পাওয়ার জন্য, তেমনি স্পেনও রশির আরেক প্রান্ত ধরে ছিল শক্ত করেই। শেষ পর্যন্ত জয় হলো বিশ্বকাপজয়ী স্পেনেরই। গত মাসে ব্রাজিলের জাতীয় দলে ডাক পেলেও কস্তা বেছে নিলেন স্পেনকেই। বিশ্বকাপজয়ী কোচ দেল বস্কও দেরি করেননি কস্তার গায়ে স্পেনের জার্সি তুলে দেওয়ার সিদ্ধান্তটা নিতে। গতকাল দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘স্পেনের হয়ে খেলার সব আনুষ্ঠানিকতাই সে পূর্ণ করেছে। আর সে খুবই ভালো ফর্মে আছে। আমার কোনো সন্দেহ নেই যে সে অন্য সবার মতোই দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবে।’
স্প্যানিশ কোচের বাহবা কুড়ালেও ব্রাজিলের সমালোচনার তিরেও বিদ্ধ হতে হচ্ছে কস্তাকে। ফেলিপে স্কলারি তাঁর বিরুদ্ধে এনেছেন লাখো মানুষের স্বপ্নকে অবহেলা করার অভিযোগ। তবে কস্তা একা নন। তাঁর আগে আরও চারজন ব্রাজিলিয়ান হেঁটেছেন এই একই পথে। ব্রাজিলে জন্ম হলেও হেরাল্ডো বেসেরা, কাটানহা, ডোনাটো আর মার্কোস সেনা খেলেছেন স্পেনের জার্সি গায়ে।— রয়টার্স