স্পেন দলে তিন নবাগত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের দুটি দলই স্পেনের। আজ ইউরোপা লিগেরও ফাইনালে খেলছে স্পেনের একটি দল। লিগও​ শেষ হয়নি৷ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণায় স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ককে তাই অপেক্ষা করতেই হচ্ছে। কেউ চোট পান কি না, তা দেখেই চূড়ান্ত দল দেবেন ২৫ মে, চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পরদিন। তবে কাল ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে কাজটা এগিয়ে রাখলেন স্পেন কোচ।

শিরোপা ধরে রাখা এবং টানা চতুর্থ বড় শিরোপার খোঁজে স্পেনের প্রাথমিক দলে বড় কোনো চমক নেই। আবার আছেও। রিয়াল মাদ্রিদের হয়ে লিগে ৩৭ ম্যাচের ৩৬টিতেই খেলা গোলরক্ষক ডিয়েগো লোপেজ উপেক্ষিত এবারও। জায়গা হয়নি রিয়ালের ডিফেন্ডার আলভারো আরবেলোয়া, মিডফিল্ডার ইসকোর। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে পড়া বার্সেলোনার গোলরক্ষক ভিক্টর ভালদেসও নেই৷

বার্সা ছাড়ার অপেক্ষায় থাকা কার্লোস পুয়োল বিবেচনায় আসেননি। চোটের কারণে ২০১২ ইউরোতে খেলা হয়নি পুয়োলের, বিশ্বকাপেও থাকছেন না। দেশের হয়ে সর্বশেষ ​নামেন ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি। যেটি ছিল তাঁর শততম ম্যাচ। এরপর আর সুযোগ না পাওয়া পুয়োল নিজেও হয়তো জানতেন বিশ্বকাপ দলে জায়গা হবে না। তারপরও হয়তো ক্ষীণ একটা আশা বাঁচিয়ে রেখেছিলেন মনে৷ কিন্তু কাল দেল বস্কের দল ঘোষণার মধ্যদিয়ে যেন শেষ হয়ে গেল তিনটি বিশ্বকাপ, দুটিতে ইউরোতে খেলা পুয়োলের স্পেন-অধ্যায়। আগামীকাল ৩৬ বছর বয়সী পুয়োলকে বিদায়ী অভ্যর্থনা জানাবে বার্সেলোনা। কে জানে, এর মধ্যে এসে যেতে পারে জাতীয় দল থেকে তাঁর আনুষ্ঠানিক অবসরের ঘোষণাও!

বস্কের দলে নতুন মুখ তিনটি—ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গেয়া, রিয়ালের ডিফেন্ডার ড্যানি কারভাহাল ও অ্যাথলেটিক বিলবাওয়ের মিডফিল্ডার আন্দের ইতুরাসপে। ইকার ক্যাসিয়াস, পেপে রেইনার সঙ্গে তৃতীয় গোলরক্ষক হিসেবে গেয়ার দলে ঢোকার রাস্তা খুলে দিয়েছে ভালদেসের চোট।

জন্মভূমি ব্রাজিলকে বাদ দিয়ে জাতীয় দল হিসেবে স্পেনকে বেছে নেওয়া ডিয়েগো কস্তার দলে থাকাটা অনুমিতই। চেলসির হয়ে আরও একটা কঠিন মৌসুম কাটানো ফার্নান্দো তোরেসকেও দলে রেখেছেন বস্ক। এএফপি।