স্পেন দলে ফিরছেন রাউল!
একটা সময় তাঁকে স্পেনের অন্যতম সেরা তারকা হিসেবেই বিবেচনা করা হতো। কিন্তু জাভি, ভিয়া, ইনিয়েস্তাদের ভিড়ে সেই রাউলই এখন বিস্মৃত এক নাম। ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে শেষবারের মতো খেলেছিলেন স্পেন দলে, এরপর তিনি কোথায় হারিয়েছেন, সেই খবরই রাখার সময় হয়তো হয়নি কারও। সেই রাউলই নাকি ফিরছেন স্প্যানিশ দলে। অন্তত কোচ ভিসেন্দে দেল বস্কের কথা বিশ্বাস করলে তো তা-ই।‘হ্যাঁ, রাউল স্পেনের ইউরো দলে সুযোগ পেতে পারে। তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স চমত্কার।’ বলেছেন দেল বস্ক।এই মুহূর্তে স্প্যানিশ লা লিগা থেকে দূরেই রয়েছেন রাউল। খেলছেন জার্মান বুন্দেসলিগায় শ্যালকের হয়ে। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড এই মৌসুমে ২০ গোল দিয়ে নতুন করে কেড়েছেন সবার নজর। বিশ্বকাপজয়ী স্প্যানিশ দলের কোচ ভিসেন্তে দেল বস্কের নজর থেকেও তিনি দূরে নন।এদিকে রাউলকে নিয়ে দেল বস্কের ভাবনার অন্যতম কারণ কিন্তু ডেভিড ভিয়া। বিশ্বকাপের অসাধারণ এই পারফরমারকে দেল বস্ক আসন্ন ইউরোতে পাবেন কি না, তা নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরেই কাটিয়ে দিলেন ডেভিড ভিয়া। ইউরোর আগে ভিয়া ইনজুরিমুক্ত না হতে পারলে দেল বস্কের হাতে এই মুহূর্তে সবচেয়ে দুর্দান্ত বিকল্প রাউল। সেটা দেল বস্ক না মুখে বললেও দিবালোকের মতোই পরিষ্কার। ওয়েবসাইট।