স্পেন দলে ফিরলেন তোরেস-মার্টিনেজ
শুরুতে বিবর্ণ ফার্নান্দো তোরেস চেলসিতে নিজেকে ফিরে পেয়েছেন শেষ দিকে। ২২ গোল নিয়ে মৌসুম শেষ করে কিছুটা আত্মতৃপ্তি এখন তিনি পেতেই পারেন। ইউরোপা লিগের ফাইনালে প্রথম গোলটা তাঁরই করা। ফর্ম ফিরে পাওয়ার পুরস্কারস্বরূপ কয়েক ম্যাচ বাইরে থাকার পর আবার ডাক পেয়েছেন বিশ্ব ও ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন দলে। দলে ফিরেছেন চ্যাম্পিয়নস লিগ জয়ী বায়ার্ন মিডফিল্ডার জাভি মার্টিনেজ। কনফেডারেশনস কাপের জন্য কাল ঘোষিত ২৬ জনের স্পেন দলে আছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক ইকার ক্যাসিয়াসও। বাদ পড়েছেন বার্সা ডিফেন্ডার কার্লোস পুয়োল। কোচ ভিসেন্তে দেল বস্ক আগামী মাসে চূড়ান্ত করবেন ২৩ জনের দল।
কনফেডারেশনস কাপের ‘বি’ গ্রুপে স্পেনের সঙ্গে আছে উরুগুয়ে, তাহিতি ও নাইজেরিয়া। ১৬ জুন লা ফুরিয়া রোজারা নিজেদের প্রথম ম্যাচ খেলবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে। এএফপি।
২৬ জনের দল
গোলরক্ষক: ক্যাসিয়াস (রিয়াল), রেইনা (লিভারপুল), ভালদেস (বার্সেলোনা)।
ডিফেন্ডার: আলবা, পিকে (বার্সেলোনা), আলবিওল, আরবেলোয়া, রামোস (রিয়াল), আজপ্লিকুয়েতা (চেলসি), মনরিয়াল (আর্সেনাল)।
মিডফিল্ডার: জাভি, ফ্যাব্রিগাস, ইনিয়েস্তা, বুসকেটস (বার্সেলোনা), মার্টিনেজ (বায়ার্ন), গার্সিয়া (ম্যানচেস্টার সিটি), এক্সতেবেরিয়া (বেটিস), কাজোরলা (আর্সেনাল), মাতা (চেলসি), আলোনসো (রিয়াল)।
ফরোয়ার্ড: পেদ্রো, ভিয়া (বার্সেলোনা), সিলভা (সিটি), নাভাস (সেভিয়া), তোরেস (চেলসি), সলদাদো (ভ্যালেন্সিয়া)।