স্পেন-পর্তুগাল
মুখোমুখি লড়াইয়ে পর্তুগালের চেয়ে অনেক এগিয়ে স্পেন। ৩৪টি ম্যাচের ১৬টিতেই জয়, পর্তুগাল জিতেছে মাত্র ছয়টি ম্যাচ। তবে গত ৫০ বছরের রেকর্ডে আবার পর্তুগাল বেশি জ্বলজ্বলে। এ সময়ে ১২ ম্যাচের চারটিতেই জিতেছে তারা, হেরেছে দুটিতে। এর মধ্যে পর্তুগালের সবচেয়ে স্মরণীয় জয় বছর দুয়েক আগে। ২০১০ সালে স্পেনের বিশ্বকাপ জয়ের মাস পাঁচেক পরই তাদের ৪-০ গোলে নাস্তানাবুদ করে পর্তুগাল। দুই দলের সর্বশেষ লড়াইয়ের এই সুখস্মৃতি পর্তুগালকে আজ মানসিকভাবে চাঙা রাখারই কথা। বড় কোনো টুর্নামেন্টে এ নিয়ে চতুর্থবার মুখোমুখি স্পেন-পর্তুগাল। আগের তিনবারের ফলে সমতা। ১৯৮৪ ইউরোর গ্রুপ পর্বের ম্যাচ ড্র হয়েছিল ১-১ গোলে। ২০০৪ ইউরোয় ঘরের মাঠে পর্তুগাল ১-০ গোলে হারায় স্পেনকে। গত বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেনের কাছে হেরেই বিদায় নেয় পর্তুগাল। এ নিয়ে গত চারটি ইউরোর তিনটিতেই সেমিফাইনাল খেলেছে পর্তুগাল। ২০০০ সালে শেষ চারে ফ্রান্সের কাছে ২-১ গোলে হার। পরেরবার ঘরের মাঠে হল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া করে গ্রিসের কাছে হেরে। আর ২০০৮ সালে জার্মানির কাছে ৩-২ গোলে হারায় শেষ আটেই থেমে গিয়েছিল তাদের যাত্রা। ইউরোয় রোনালদোর গোলসংখ্যা এখন ৬। সমান গোল আছে নুনো গোমেজ। আর একটি গোল হলেই পর্তুগালের পক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়বেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। গত নয়টি প্রতিযোগিতামূলক ম্যাচে স্পেনের পক্ষে প্রথম গোল করেছেন নয়জন ভিন্ন খেলোয়াড়—ডেভিড ভিয়া, জাভি হার্নান্দেজ, আলভারো নেগ্রেদো, হুয়ান মাতা, সেস ফ্যাব্রিগাস, ফার্নান্দো তোরেস, জেসাস নাভাস ও জাবি আলোনসো। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জিতে প্রতিযোগিতামূলক ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটিকে ১৮তে উন্নীত করেছে স্পেন। এর ১৭টিতেই জিতেছে ইকার ক্যাসিয়াসের দল। চলতি ইউরোয় প্রথম ম্যাচে ড্রয়ের পর টানা তিন ম্যাচে জয়ী স্পেন গত ১৮ ম্যাচে গোল খেয়েছে মাত্র ৮টি।