স্পেন পেরেছে, পারেনি ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রীতির আড়ালে দুই দলই ছিল প্রতিশোধের খোঁজে। হল্যান্ডের বিপক্ষে ব্রাজিল আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে স্পেন। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হল্যান্ডের কাছে হারের প্রতিশোধ নিতে পারেনি। নিজেদের দেশে খেলা প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র করেছে মানো মেনেজেসের দল। তবে যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ২০০৯-এর কনফেডারেশনস কাপে হারের বদলা নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।প্রীতি ম্যাচ হলেও পুরো শক্তি নিয়েই যুক্তরাষ্ট্রে গিয়েছিল স্পেন। বোঝাই যাচ্ছিল প্রতিশোধের আগুনে উত্তপ্ত ভিসেন্তে দেল বস্কের দল। ম্যাচের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের রক্ষণে হামলে পড়ে স্পেনের আক্রমণভাগ। তবে ডেভিড ভিয়া বা বড় কোনো নাম নয়, স্পেনকে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে দেন ভিয়ারিয়াল স্ট্রাইকার সান্তি কাজোরলা ও সেভিয়া স্ট্রাইকার আলভেরো নেগ্রেদো। জোড়া গোল করেছেন কাজোরলা। স্পেনের জন্য এই ম্যাচে আরেকটি মধুর ব্যাপার ছিল—প্রায় ৮ মাস পর স্পেনের হয়ে গোল পেয়েছেন ফার্নান্দো তোরেস। চেলসি স্ট্রাইকার এর আগে স্পেনের হয়ে গোল করেছিলেন গত বছরের সেপ্টেম্বর মাসে।নিজেদের মাঠে খুব বেশি প্রীতি ম্যাচ খেলে না ব্রাজিল। ২০০৮-এর নভেম্বরের পর পরশু একটা খেলল, যেটি ছিল প্রতিশোধ নেওয়ার উপলক্ষ। কিন্তু ব্রাজিল প্রতিশোধ তো নিতে পারেইনি, উল্টো শুনেছে নিজেদের দর্শকের দুয়ো। বিষয়টি ভালো লাগেনি সান্তোস তারকা নেইমারের, ‘দুয়ো শুনতে কারোরই ভালো লাগে না। আমরা জিততেই চেয়েছিলাম, কিন্তু পারলাম না।’প্রথমার্ধে দুই দলই ছিল সমানে সমান। তবে দ্বিতীয়ার্ধে হল্যান্ডকে কোণঠাসা করে ফেলে রবিনহো-নেইমার-ফেড্রের ব্রাজিলিয়ান আক্রমণভাগ। কিন্তু গোল পায়নি কখনো সহজ সুযোগ নষ্ট করায়, কখনো হল্যান্ডের অভিষিক্ত গোলরক্ষক টিম ক্রুলের দৃঢ়তায়। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচের মতো পরশুও ১০ জনের দল হয়ে পড়ে ব্রাজিল। দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে দুই হলুদ কার্ডের খাঁড়ায় পড়ে মাঠ ছাড়তে হয় চেলসি মিডফিল্ডার রামিরেসকে। আবার হারল আর্জেন্টিনা: নাইজেরিয়ার কাছে হেরে যাওয়ার ধাক্কা সামলে উঠতে না-উঠতেই আরেকটি প্রীতি ম্যাচ হারল আর্জেন্টিনা। সার্জিও বাতিস্তার দলকে এবার পোল্যান্ড হারিয়েছে ২-১ গোলে। নাইজেরিয়ার কাছে হেরে যাওয়া নিয়ে ম্যাচ পাতানোর গুঞ্জন—এবার কী হবে কে জানে! এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।