স্পেন ফেবারিট নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন জভির সুরে সুর মেলাচ্ছে স্পেন-সমর্থকেরা—‘ইটস নাউ অর নেভার!’ এবারই, নয়তো কখনোই নয়। মেলাবে না কেন? এ সময়ের সেরা খেলোয়াড়দের নামের তালিকা করুন, তাতে খুঁজে পাবেন স্প্যানিয়ার্ডদের আধিক্য। গত বছর ফিফপ্রো বর্ষসেরা একাদশের চারজনই ছিলেন স্পেনের: গোলরক্ষক ইকার ক্যাসিয়াস, মিডফিল্ডার জাভি হার্নান্দেজ, আন্দ্রেজ ইনিয়েস্তা, স্ট্রাইকার ফার্নান্দো তোরেস।এই একাদশে ঠাঁই পাননি, কিন্তু এ সময়ের সেরা খেলোয়াড়দের তালিকায় অবশ্যই নিজের জায়গা দাবি করতে পারেন ডিফেন্ডার জেরার্ড পিকে, কার্লোস পুয়োল, সার্জিও রামোস; মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাস, জাভি আলোনসো; স্ট্রাইকার ডেভিড ভিয়ারা। এঁদের নিয়েই গড়া স্পেন দল। ইটস নাউ, অর নেভার!পরিসংখ্যানের কথা বলছেন? ঠিক আছে, স্পেন বিশ্বকাপ কখনোই জেতেনি। বিশ্বকাপে তাদের সর্বোচ্চ সাফল্য ১৯৫০-এর আসরে চতুর্থ হওয়া। গত ৬০ বছরে সেমিফাইনালেই উঠতে পারেনি তারা। কিন্তু ব্যর্থতার বৃত্ত এবার ভাঙবেই ভাঙবে। সেই আভাস তারা ২০০৮ সালে ৪৪ বছর পর ইউরো চ্যাম্পিয়ন হয়ে দিয়ে রেখেছে। ২০০৭ থেকে ২০০৯—সোনালি একটা সময় গেছে তাদের। এ সময় টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়েছে তারা। গড়েছে টানা ১৫ ম্যাচ জেতার রেকর্ডও। ফিফা র্যাঙ্কিংয়েও এক নম্বর জায়গাটি তাদের। গত তিন বছরের দুর্দান্ত ফর্মটা তারা ধরে রেখেছে এই নতুন বছরেও। গত ২২ ম্যাচের ২১টিতেই জয়। সর্বশেষ গত বুধবার ফ্রান্সে গিয়ে জিতে এসেছে ২-০ গোলে। ফ্রান্সের মাটিতে ৪২ বছর পর জয়! ১৯৯২ সালের অলিম্পিক ফুটবলের সোনা—ইউরোর দুই শিরোপার ৪৪ বছরের মাঝখানে এই একটা বড় অর্জন তাদের। বিশ্বকাপ শিরোপার জন্য স্পেন তাই বুভুক্ষের মতো তাকিয়ে ২০১০-এর দিকে। ইটস নাউ, অর নেভার!গত ম্যাচের পর রেমন্ড ডমেনেখ বলেছেন, বলছেন পেলে-ম্যারাডোনা-ক্যাপেলোরাও—স্পেনই এবার ফেবারিট। ‘লা ফুরিয়া রোজা’দের খরা কাটবে এবারই। কিন্তু এঁদের সঙ্গে একমত নন কয়েকজন। না, স্পেন-বিরোধী কেউ নন, বরং তাঁরা স্পেনেরই লোক! নিজেদের ফেবারিট মানতে নারাজ কোচ ভিসেন্তে দেল বস্ক। কোচের সঙ্গে পুরোপুরি একমত জাভিও। স্পেন কেন ফেবারিট নয়, সেই ব্যাখ্যা দিতে গিয়ে স্পেনের বিশ্বকাপ পরিসংখ্যানই টেনে আনলেন বার্সা মিডফিল্ডার, ‘ফেবারিট তারাই, যারা বিশ্বকাপ শিরোপা জিতেছে। সব সাবেক চ্যাম্পিয়নই আমাদের চেয়ে ফেবারিট, কারণ ইতিহাস তাদের পক্ষে। লোকে আমাদের সম্ভাব্য চ্যাম্পিয়ন ভাবছে, ভালো কথা। কিন্তু বিশ্বকাপে স্পেন কখনোই কিছু করে দেখাতে পারেনি।’মনে হচ্ছে ফেবারিট-টেবারিট বলে খামোখা উটকো চাপ ঘাড়ে নিতে রাজি নন এঁরা! এএফপি, ওয়েবসাইট।