স্পেন ফেবারিট নয়: দেল বস্ক
ক্যাসিয়াস, পুয়োল, জাভি, ইনিয়েস্তা, তোরেসদের মতো তারকা খেলোয়াড় নিয়ে গড়া স্পেন দলটিকে এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে মানছেন অনেকেই। কিন্তু স্পেনকে ফেবারিটের তালিকায় ফেলতে নারাজ খোদ স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক। ‘আমরা বিশ্বকাপে ভালো খেলার চেষ্টা করতে চাই, কিন্তু আমরা কখনই বলিনি যে আমরা ফেভারিট’, বলেছেন বস্ক। ইতালি-ফ্রান্স যে রকম ফেভারিটের তকমা এঁটে বিশ্বকাপ থেকে বিদায় নিল, স্পেনের যদি সে রকম পরিণতি হয়—এটা ভেবেই কি আগেভাগে সবাইকে সতর্ক করে দিলেন স্পেনের কোচ? প্রথম ম্যাচেই সে রকম আভাসও দিয়েছিল স্প্যানিশরা। সুইজারল্যান্ডের কাছে হেরে সবাইকে বেশ বড়সড় একটা ধাক্কা দেয় তারা। দ্বিতীয় ম্যাচে অবশ্য প্রত্যাশিত সুন্দর ফুটবল খেলেই হন্ডুরাসকে ২-০ গোলে হারায় স্পেন। এখন দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিলির বিপক্ষে জিততেই হবে তাদের। চিলিকে বেশ শ্রদ্ধার সঙ্গেই দেখছেন কোচ ভিসেন্তে ডেল বস্ক। চিলিকে খুবই শক্তিশালী একটা দল হিসেবে উল্লেখ করে বস্ক বলেছেন, ‘প্রতিপক্ষকে ক্রমাগত চাপে রেখে আর দ্রুতগতির আক্রমণ দিয়ে চিলি যেকোনো দলের জন্যই বিপজ্জনক হয়ে উঠতে পারে।’দ্বিতীয় রাউন্ডে উঠতে না পারলে স্পেনের কোচ হিসেবে হয়তো এটাই শেষ ম্যাচ হবে বস্কের। কিন্তু ওসব নিয়ে একদমই ভাবতে চান না দেল বস্ক। আশা করছেন আরও অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেনের কোচ হিসেবে দলের সঙ্গে থাকবেন।