স্পেন-বধের সুইস বীর
তাঁর তৈরি করে দেওয়া উপলক্ষ নিয়ে খেলোয়াড়েরা উৎসব করছেন, দেশে উল্লাস চলছে; কিন্তু তিনিই উল্লাস-উৎসবে থাকতে পারলেন না। ম্যাচ শেষে দৈবচয়নের ভিত্তিতে জেলসন ফার্নান্দেজকে ডাকা হয়েছিল ডোপ টেস্টে। তাতেই তাঁর উৎসব মিস!তাতে অবশ্য কোনো আফসোস নেই ফার্নান্দেজের। তাঁর জাতীয় বীর হয়ে ওঠাটা তো আর কেউ কেড়ে নিতে পারছে না। মহাশক্তিধর স্পেনের বিপক্ষে সুইজারল্যান্ডকে অপ্রত্যাশিত এক জয় এনে দেওয়া ফার্নান্দেজ তারকা হয়ে ওঠার সময়টা উপভোগই করছেন, ‘দেশে যে উল্লাস হচ্ছে, এমনকি আপনারা সাংবাদিকেরা পর্যন্ত আনন্দ করছেন; এতে নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তবে আমাদের এখন এসব ভুলে পরের ম্যাচে মনোযোগ দিতে হবে।’কিন্তু কাজটা কি এত সহজ? এই বিষয়ে এখন বারবারই তাঁকে কথা বলতে হবে, বারবার স্পেনকে হারানোর সাফল্য চলে আসবে সামনে। আর গোলটা নিয়ে ফার্নান্দেজ নিজেও তো বলছেন, ‘এটা আমার ক্যারিয়ারের সুন্দরতম গোল না হলেও অবশ্যই ক্যারিয়ারের সেরা। আমি খুব বেশি গোল জীবনে করিনি। আর স্প্যানিশদের মতো ভালো দল, যে দলে অনেক অনেক বিশ্বমানের খেলোয়াড় আছে, তাদের বিপক্ষে গোল করাটা তো বিরাট ব্যাপার।’ ওয়েবসাইট।