স্পেন মেতেছে উৎসবে
উৎসবের সব প্রস্তুতি যেন নিয়েই রেখেছিল সমর্থকেরা। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই উৎসবের ‘বিস্ফোরণ’! ঢোল, বাঁশি, পতাকা, ছোট মাইক নিয়ে বেরিয়ে এল লোকজন। সঙ্গে ভুভুজেলার কানে তাল লাগানো শব্দ। রাস্তায় রাতভর সমর্থকদের মিছিল। সব জায়গায় শুধু নাচ আর নাচ। উৎসব আর উৎসব। মুখে চিৎকার—ফাইনাল, ফাইনাল! সব মিলিয়ে একটা নির্ঘুম রাত কেটেছে স্পেনের লোকজনের। প্রথমবারে মতো স্পেনের ফাইনালে ওঠার উদযাপন তো এমনই হবে!কার্লোস পুয়োল ৭৩ মিনিটে দুর্দান্ত হেডে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। সবার চোখে-মুখে তখন উচ্ছ্বাস। প্রতীক্ষা কেবল রেফারির শেষ বাঁশি বাজার। অপেক্ষার সেই মাহেন্দ্রক্ষণ শেষ, মুহূর্তেই উৎসবে মেতে উঠল গোটা স্পেন। ‘দারুণ! এটা আমাদের বিশ্বকাপ! বিশ্বকাপ জয় করতে যাচ্ছি আমরা’—রয়টার্সের কাছে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করছিল এক সমর্থক।স্পেনের রিয়াল মাদ্রিদ বার্নেব্যু স্টেডিয়ামে বিশাল পর্দায় খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার সমর্থক। খেলা শেষে তা পরিণত হয় জনসমুদ্রে। রাস্তায় গাড়ির অনবরত হর্ন আর ভুভুজেলার গর্জনে প্রকম্পিত হয়ে ওঠে গোটা মাদ্রিদ। প্রথমবারের মতো দল ফাইনালে উঠেছে বলে উচ্ছ্বসিত এক সমর্থক বলছিল, ‘প্রথম মিনিট থেকেই জয়ীর মতো করে খেলেছি আমরা! দুয়েকজনকে আলাদা করে কৃতিত্ব দেওয়া যাবে না। এ জয় সবার।’ ফুটবলারদের সাফল্যে গর্ব করে আরেক সমর্থক বলছিল, ‘আমি একজন স্প্যানিশ। এটাই আমার সবচেয়ে বড় গর্ব।’