স্পেন-যুগের অবসান চান পাহেইরা

২০০৮ ইউরোতে শুরু হয়েছিল তাদের জয়যাত্রা। একটি বিশ্বকাপ এবং আগে-পিছে দুটো ইউরো জিতে স্পেন এখনো বিশ্বের এক নম্বর দল। পাঁচ বছরের মধ্যে চতুর্থ বড় শিরোপার সামনে দাঁড়িয়ে ভিসেন্তে দেল বস্কের দল। ইউরো, বিশ্বকাপ, অলিম্পিক—সবই জেতা স্পেন এই একটা মাত্র বড় ট্রফি জেতেনি। সেই বৃত্তটা পূরণ হয়ে যেতে পারে আগামীকাল। যদিও কার্লোস আলবার্তো পাহেইরা মনে করেন, ফুটবলে কয়েক বছর ধরে চলে আসা স্পেন-যুগের শেষ টেনে দেওয়ার সময় এসে গেছে এবং সেই দাঁড়িটা এঁকে দিতে পারে ব্রাজিলই। ১৯৯৪ বিশ্বকাপজয়ী কোচ, বর্তমান জাতীয় দলের উপদেষ্টা পাহেইরা বলেছেন, ‘স্পেন-যুগের শেষ টেনে দেওয়ার সময় এসে গেছে। আমি স্কলারি ও কোচিং স্টাফদের সঙ্গে কথা বলেছি, কৌশল পরিবর্তনের এটা কোনো সময় নয়। এখন পর্যন্ত আমরা যেভাবে খেলে এসেছি, সেভাবেই খেলতে হবে। ব্রাজিল নিজেদের মাঠে খেলছে। ম্যাচের লাগাম আমাদের হাতেই রাখতে হবে।’
টুর্নামেন্ট শুরুর সময় সারা বিশ্বের প্রার্থিত ফাইনালটিই হতে যাচ্ছে আগামীকাল। পাহেইরাও মানছেন, ব্রাজিল বনাম স্পেনই হবে স্বপ্নের ফাইনাল। তবে ব্রাজিল সমর্থকেরা শেষ ম্যাচে প্রতিপক্ষ হিসেবে অন্য কাউকে পেলেই যে খুশি হতো, সেটিও লুকাননি তিনি, ‘এই ম্যাচটারই প্রত্যাশা করেছিল সবাই। তবে আমাদের সমর্থকেরা ফাইনালে স্পেনকে নিশ্চয়ই নিতে চায়নি। কিন্তু স্পেনের বিপক্ষে যেহেতু খেলতেই হবে, আমরা তাদের স্বাগতই জানাই। ব্রাজিল এই মুহূর্তে দুর্দান্ত খেলছে, তাদের আত্মবিশ্বাস আছে। এটা খুব সহজেই চোখে পড়ছে।’