স্পেন সফরে স্পেনের রাউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব শুরু হচ্ছে আজ। শুরু হচ্ছে টটেনহাম হটস্পারের আনন্দ আর রাউল গঞ্জালেসের স্পেনে ফেরার আবেগ নিয়ে।চ্যাম্পিয়নস লিগে এবারই প্রথম এসেছে টটেনহাম হটস্পার। অভিষিক্ত স্পারদের প্রতিপক্ষ এসি মিলান। সান সিরোতে এই ম্যাচের আগে ‘স্পার’ শিবিরে ৩৯ বছর আগের একটি সুখস্মৃতির রোমন্থন। ১৯৭২ সালে উয়েফা কাপের (বর্তমানে ইউরোপা লিগ) সেমিফাইনালে মিলানকে হারিয়ে (দুই লেগ মিলিয়ে ৩-২) ফাইনালে উঠেছিল স্পাররা। সান সিরোতে প্রথম লেগ ড্র করেছিল তারা ১-১ গোলে। চ্যাম্পিয়নস লিগের পুরোনো যাত্রী শালকে। এর আগে ভ্যালেন্সিয়ারই মুখোমুখি হয়েছে দুবার। ২০০৭ সালের গ্রুপ পর্বে। সুখস্মৃতি বলতে তেমন কিছু নেই। একটিতে ড্র করেছে, অন্যটিতে হেরেছে। কিন্তু আজ ভ্যালেন্সিয়া-শালকের ম্যাচটি বয়ে আনবে আবেগ। রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৬ বছরের বন্ধন চুকিয়ে রাউল গঞ্জালেস এ মৌসুমেই নাম লিখিয়েছেন জার্মান ক্লাব শালকে জিরো ফোরে। আজ আবার ফিরছেন স্পেনে। রিয়ালের সাবেক অধিনায়ক স্মৃতিচারী হয়ে পড়েছেন, ‘এটা খুব সহজ নয়। তবে স্পেনে আমার খেলোয়াড়ি জীবনের স্মৃতিগুলো ভালোই ছিল।’এদিকে পরশু স্প্যানিশ লিগে রাউলের সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ এসপানিওলকে হারিয়েছে ১-০ গোলে। ২৪ মিনিটে জয়সূচক গোলটি করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। তবে এই জয়ের মধ্যেও রিয়ালের হতাশার হয়ে থাকছে দ্বিতীয় মিনিটেই অধিনায়ক ও গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের লাল কার্ড দেখা। এএফপি।