স্পেন ‘স্পেনের’ মতোই খেলবে
এই মুহূর্তে সন্দেহাতীতভাবেই তারা বিশ্বের সেরা দল। তবে কেউ কেউ হয়তো স্পেনের খেলার ধরনকে এখন দৃষ্টিসুখকর বলতে গিয়ে দ্বিধায় ভোগেন। নিজেদের মধ্যে অসংখ্য নিখুঁত পাস দিয়ে প্রতিপক্ষকে হতাশ করে তুলতে তারা ওস্তাদ, কিন্তু এই নিরবচ্ছিন্ন পাসিং ফুটবল সমর্থকের বিরক্তির উদ্রেকও করে বৈকি। ফ্রান্সের সঙ্গে কোয়ার্টার ফাইনালে কোনো পরীক্ষিত স্ট্রাইকারকে না খেলানোয় এক চোট সমালোচনাও সইতে হয়েছে তাদের। ‘লা ফুরিয়া রোজা’দের এখনো স্বরূপে দেখা যায়নি, হাতে এত অস্ত্র থাকার পরও সেগুলো ঠিকঠাক ব্যবহার না করায় অনেকে দেল বস্ককে ‘রক্ষণাত্মক’ও বলছেন। গত শনিবার দানেৎস্কে তো কিছু দর্শকের দুয়োই শুনেছে স্পেন। তবে ফ্রান্সের বিপক্ষে জয়ের নায়ক জাবি আলোনসো এমন সমালোচনাকে পাত্তাই দিচ্ছেন না, ‘এটা একান্তই তাদের মত। যে যা-ই বলুক, মনে হয় না আমরা বদলাচ্ছি। আমি মোটামুটি নিশ্চিত, বেশির ভাগ সমর্থকই আমাদের খেলা দারুণ উপভোগ করছে। আর এটা শুধু এই টুর্নামেন্টের জন্য নয়, বরং সামনের টুর্নামেন্টের জন্যও একটা ভালো খবর।’ আলোনসোর কথাতেই স্পষ্ট, তাদের খেলার ধরন পরিবর্তনের কোনো সম্ভাবনাই নেই। সেমিফাইনালে বাকি যে দলগুলো উঠেছে তারাও কমবেশি ‘বল দখল’ভিত্তিক ফুটবল খেলে বলেই এই রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের ধারণা। স্পেনের ফাইনালে ওঠার পথে সবচেয়ে বড় বাধা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েও আলাদা কোনো পরিকল্পনা নেই বলেও দাবি আলোনসোর, ‘প্রতিপক্ষ যে-ই হোক, আমরা আমাদের ধরনেই খেলি। আমরা ক্রিস্টিয়ানোর খেলা বিশ্লেষণ করব এবং সেই অনুসারে খেলায় খানিকটা এদিক-সেদিক হবে। তবে আমরা দল হিসেবেই খেলার চেষ্টা করব। কারণ এটাই একজন খেলোয়াড়কে থামানোর সবচেয়ে ভালো উপায়।’ তবে এখন স্পেন দলের প্রতি সবার শ্যেনদৃষ্টি, দেল বস্ক কি গত ম্যাচের মতো ছয় মিডফিল্ডার খেলানোর নিরাপদ পথে হাঁটবেন নাকি একজন প্রথাগত স্ট্রাইকার খেলিয়ে একটু ঝুঁকি নেবেন? রয়টার্স।