স্পেন..স্পেন...স্পেন!
জোয়াকিম লো বলছেন, স্পেন। অস্কার তাবারেজ বলছেন, স্পেন। বার্ট ফন মারউইক বলছেন স্পেন। ইয়োহান ক্রুইফ বলছেন স্পেন। এমনকি অক্টোপাস পলও বলছে, স্পেন!কালকের ফাইনালের আগে একটা ‘স্পেন, স্পেন’ রবই যেন উঠে গেছে। সেমিফাইনালে জার্মানির বিপক্ষে তাদের এমন দুর্দান্ত ফুটবল দেখার পর স্পেনই পাচ্ছে ফেবারিটের তকমা। ফেবারিট হওয়ার মধ্যে একটা মর্যাদা আছে, একই সঙ্গে আছে চাপও। আর তাই কেবল ভিসেন্তে দেল বস্ক বললেন, না, স্পেন নয়!স্পেনের বিরুদ্ধে জার্মানির ক্ষোভ থাকাটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু কোচ লোর কণ্ঠে শুধুই মুগ্ধতা, ‘অবশ্যই ওরাই বিশ্বের সেরা দল। ২০০৮ সালে স্পেন দুর্দান্তভাবে ইউরোর শিরোপা জিতেছে। গত তিন বছরে তারা জিতেছে গুরুত্বপূর্ণ সব ম্যাচই। ওদের ওই দলটা অপরিবর্তিত আছে। আমার মনে হয়, ওরা ফাইনালও জিতবে। কারণ ওরা খেলা এবং প্রতিপক্ষ দুটোকেই নিয়ন্ত্রণ করতে জানে।’জ্যোতিষীর ভূমিকায় দেখা যাচ্ছে উরুগুয়ে কোচ তাবারেজকেও। তাঁরও বাজি স্পেনের পক্ষেই থাকবে, ‘এ ধরনের ম্যাচে ডিফেন্সই হয়ে ওঠে সাফল্যের চাবিকাঠি। আমি মনে করি, এই জায়গায় হল্যান্ডের চেয়ে স্পেন এগিয়ে। তাদের বল আয়ত্তে রাখার ক্ষমতা ভালো। গতি, খেলার ভঙ্গি—সবকিছুতেই যেন বার্সেলোনার ছায়া। তারা অন্য মাপের ফুটবল খেলে এবং আমি মনে করি, তারাই জিতবে।’স্পেন দলের মধ্যে তাদের ক্লাব বার্সেলোনার ছায়া আগে থেকেই খুঁজে পাচ্ছেন ফন মারউইক। তিনি নিজেও সুন্দর ফুটবলের পূজারি। আগামীকাল ফাইনালে স্পেন এগিয়ে থাকলেও খেলাটা সমানে সমান হবে বলেই আশা মারউইকের, ‘এখন স্পেন আমাদের চেয়ে কিছুটা বেশি আকর্ষণীয় ফুটবল খেলছে। আমাদের চেয়ে ওরা এগিয়েও আছে। বল পায়ে এবং বল ছাড়া দুভাবেই ওরা দুর্দান্ত খেলছে। আমরা দুই দলই ভালো খেলতে চাই। ফলে ম্যাচটা দারুণ আকর্ষণীয় হবে।’ডাচ কোচ নিজে বার্সার কাছ থেকেই প্রেরণা খোঁজেন। বার্সা আর ডাচ ফুটবলের সম্পর্ক যে গভীর, সেটা আবারও মনে করিয়ে দিয়ে বললেন, ‘বার্সার সাতজন খেলোয়াড় স্পেনের প্রথম একাদশে। আমি প্রায়ই বলি, বার্সেলোনা আর স্পেন প্রায় একই—স্টাইল এক, খেলেও একই ধরনের খেলা। খুব সম্ভবত স্পেন বার্সেলোনা দ্বারা প্রভাবিত। এবং বার্সেলোনাকে প্রভাবিত করেছেন ডাচ ফুটবলের দুই প্রবাদপুরুষ ইয়োহান ক্রুইফ ও রাইনাস মিশেলস।’স্পেনের ফুটবলের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা থেকেই ক্রুইফ বলছেন, ‘স্পেনই এখন নিরঙ্কুশ ফেবারিট। দেল বস্কের দল এখন আরও শক্তিশালী হয়ে উঠেছে। নিজেদের খেলার সেরাটা ফিরে পেয়েছে তারা।’স্পেন এবার টুর্নামেন্ট শুরুও করেছে ফেবারিট হিসেবে। শুরু থেকেই অবশ্য এই ফেবারিট তকমাটিকে ছুড়ে ফেলার ব্যর্থ চেষ্টা তারা করে এসেছে। নিজেদের ফেবারিট মানতে জাভি-ইনিয়েস্তাদের সে কী আপত্তি! তবে তাতেও বাকিদের নিরস্ত করা যায়নি। দলের মিডফিল্ডার জাবি আলোনসো তাই এখন নিজেদের ফেবারিট মেনে নিয়ে বলছেন, এই চাপ সহ্য করেই এগিয়ে যেতে হবে তাঁদের।কিন্তু ‘মেজর’ দেল বস্ক এসব ফেবারিট-তত্ত্ব যেন হুঙ্কার দিয়ে উড়িয়ে দিতে চাইলেন। স্পেন কোচ সাফ জানিয়ে দিয়েছেন, প্রশংসা শুনে গলে যাওয়ার লোক তিনি নন। তাঁর আতশকাচে স্পেনের খেলার অনেক দোষত্রুটি ধরা পড়ছে এখনো, ‘গোলের সামনে গিয়ে শেষ কাজটা ঠিকমতো সেরে ফেলতে পারছি না আমরা। ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তো এটাই।’দেল বস্ক খুব একটা মন্দও বলেননি। ইনিয়েস্তা-জাভি-আলোনসোদের মতো বিশ্বসেরা মিডফিল্ডারদের নিয়ে তৈরি স্পেন দল কিন্তু টুর্নামেন্টে গত পাঁচ ম্যাচে গোল করেছে মাত্র সাতটি। সেই সাত গোলের পাঁচটিই আবার ডেভিড ভিয়ারই। এএফপি, রয়টার্স।