স্পেন: ‘নাউ অর নেভার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে চিরকালীন ফেবারিট স্পেনকে যদি আপনি আগের মতো ভাবেন, তাহলে ভুল করলেও করতে পারেন। বড় বড় কথা বলে বিশ্বকাপে খেলতে এসে সর্বোচ্চ দ্বিতীয় রাউন্ড কিংবা নিদেনপক্ষে কোয়ার্টার ফাইনাল—এই ছিল এত দিনের স্পেনের দৌড়। কিন্তু ২০০৬ সালের বিশ্বকাপের পর থেকেই দলটি আমূল পাল্টে যেতে থাকে। ফার্নান্দো তোরেস, সেস ফ্যাব্রিগাস, জাভি আলোনসো, সার্জিও র্যামোস, ডেভিড ভিয়া কিংবা আন্দ্রেস ইনিয়েস্তাদের মতো মানের খেলোয়াড়েরা যে দলটির শক্তি, তাঁকে আপনি অবশ্যই গণনার বাইরে ফেলে দিতে পারেন না। ২০০৮ সালে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পথে প্রতিদ্বন্দ্বী বাকি দলগুলোকে রীতিমতো উড়িয়ে দিয়ে স্পেন প্রমাণ করেই ফেলেছে এবারের বিশ্বকাপটি এসেছে স্পেনের জন্য অধরা স্বপ্নকে হাত দিয়ে ছুঁয়ে দেখার জন্য।এবারের বিশ্বকাপে এ পর্যন্ত প্রতিটি ফেবারিটই নিজেদের প্রথম ম্যাচটি খেলে ফেলেছে। আজ স্পেন নিজেদের প্রথম খেলায় মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ডের। প্রথম ম্যাচ খেলতে নামার আগে ক্ষুধার্ত ব্যাঘ্রের মতোই উন্মুখ হয়ে আছে দলটি। উন্মুখ হয়ে আছে দলটি নিজেদের চিরাচরিত ব্যর্থতা ঢেকে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি হিসেবে নিজেদের অন্য উচ্চতায় তুলে ধরতে। দলের অন্যতম সেরা খেলোয়াড় সেস ফ্যাব্রিগাস জানিয়েই দিয়েছেন, ‘সাফল্যের জন্য আমরা ক্ষুধার্ত।’স্পেনকে এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিটের তালিকায় রাখার একমাত্র কারণ ২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপই নয়; সেই প্রতিযোগিতার পর থেকে টানা ৩৩টি ম্যাচে অপরাজিত থাকার অনন্য গৌরব নিয়ে স্পেন ফুটবলবিশ্বে রাজত্ব করে চলেছে। দলটির একমাত্র ছন্দপতন কেবল গত বছরের কনফেডারেশনস কাপ। সেখানে যুক্তরাষ্ট্রের কাছে সেমিফাইনালে পরাজয়টিই কেবল স্পেনের গত দুই বছরে একমাত্র ব্যর্থতা হয়ে রয়েছে। বিশ্বকাপে স্পেন কনফেডারেশনস কাপের ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে শুরু করবে। স্প্যানিশদের আশার রসদ জোগাচ্ছে দলটির সব শীর্ষস্থানীয় তারকার অতিমানবীয় ফর্ম। এবারের স্প্যানিশ মৌসুমে তাঁরা নিজেদের সেরাটা প্রমাণ করেছে ক্লাবের পক্ষে। এখন কেবল স্পেনের হয়ে নিজেদের প্রমাণের পালা। আর সেটা করতে পারলেই দলটিকে আটকানোর কোনো পথ থাকবে না।দলটির কী নেই! গোলবারের নিচে বিশ্বের সেরা গোলরক্ষক ইকার ক্যাসিয়াস থেকে শুরু করে স্ট্রাইকার তোরেস পর্যন্ত প্রায় সব খেলোয়াড়ই এ মুহূর্তে বিশ্বের সেরা। বিশ্বকাপ নাকি সেরাদের নিয়ে জেতা যায় না, জিততে হয় ঐতিহ্য নিয়ে—এ ধারণা ভেঙে নতুন কিছু করার সময় এসে গেছে। অনেক বিশেষজ্ঞ-বিশ্লেষকই বলেছেন, গত দুই বছর ধরে তোরেস-ভিয়া-ফ্যাব্রিগাসেরা ফুটবলের যে মানদণ্ড তৈরি করেছেন, তা নাকি প্রজন্মের সেরা। এ প্রজন্মের সেরা ফুটবলারদের নিয়েও বিশ্বকাপ জিততে পারবে না স্পেন? এ প্রশ্নের জবাব পেতে শুরু করবেন ফুটবল দর্শকেরা আজ রাত থেকেই। আজ থেকে বাকি কয়েকটা দিনেই প্রমাণিত হয়ে যাবে স্পেন এবার আসলেই ফেবারিট নাকি ফেবারিটের ছায়া! দীর্ঘদিনের অপূর্ণতা ঘোচানোর এত বড় সুযোগ স্পেন নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবে না। স্প্যানিশরাও মনে করে, ‘নাউ অর নেভার।’ এবার না হলে হয়তো কখনই স্পেনের পক্ষে ভালো কিছু সম্ভব হবে না। অতএব, তোরেস-ফ্যাব্রিগাসেরা নেমে যাও মাঠে, প্রমাণ করো—এই ধরাধামে এ মুহূর্তে তোমরাই সেরা!