নিজের শততম ম্যাচ। পরেছিলেন অধিনায়কের বাহুবন্ধনীও। একের পর এক নিষ্ফলা সুযোগ তৈরি করে গোলশূন্য প্রথমার্ধে দুশ্চিন্তার ভাঁজ বাড়ানো দলকে নির্ভার করেছেন দ্বিতীয়ার্ধের শুরুতেই। ৪৯ মিনিটে তাঁর হেডে যখন বল ঢুকে গেল জালে, মনে হচ্ছিল, ম্যাচটাকে সব দিক দিয়েই স্মরণীয় করে রাখবেন সার্জিও রামোস। কিন্তু নিজের শততম ম্যাচে দলকে এগিয়ে দেওয়া গোল করেও বাঁচাতে পারেননি। ৭৯ মিনিটে খেয়ে বসা গোলে নিজেদের মাঠে ফিনল্যান্ডের সঙ্গে ড্র করেছে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন!এই ড্র অনেক দিক দিয়েই স্পেনের জন্য দুশ্চিন্তার। মহা গুরুত্বপূর্ণ দুটি পয়েন্টই শুধু নয়, একের পর এক ইতিহাস গড়া দলটি হারিয়ে ফেলেছে ‘আই’ গ্রুপের শীর্ষস্থানটিও। জর্জিয়াকে ৩-১ গোলে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে এখন ফ্রান্স। আগামী পরশুই ফ্রান্সেরই মুখোমুখি হবে স্পেন। গ্রুপে শীর্ষস্থান ধরে রাখা জরুরি। কারণ ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে নয় গ্রুপ চ্যাম্পিয়নই শুধু বিশ্বকাপের টিকিট পাবে সরাসরি। সেরা আট গ্রুপ রানার্সআপ পরে প্লে-অফ খেলবে। সেই অনিশ্চয়তায় স্পেন নিশ্চয়ই যেতে রাজি নয়। ওদিকে ড্র করেছে পর্তুগালও। ম্যাচের মাত্র ২ মিনিটেই ইসরায়েলের জালে বল ঠেলেছিলেন ব্রুনো আলভেস। এমন শুরুর পরও ৩-৩ ড্র। কিন্তু এতে আফসোস নয়, পর্তুগিজরা ভীষণ খুশিই। কারণ নিশ্চিত হারতে বসা ম্যাচটা তারা বাঁচিয়েছে ফ্যাবিও কোয়েন্ত্রাওয়ের ৯৩তম মিনিটের গোলে। দারুণ শুরুর পরও পর্তুগিজরা ৭০ মিনিটে পিছিয়ে পড়েছিল ১-৩ গোলে। কোয়েন্ত্রাওয়ের সেই সমতা ফেরানো গোলের আগে ৭২ মিনিটে ৩-২ করেছিলেন হেলদার পস্টিগা। ড্র করেও অবশ্য ‘এফ’ গ্রুপে পর্তুগাল তিনে। অবশ্য দুইয়ে থাকা ইসরায়েলের সঙ্গে তাদের পয়েন্ট সমান (৮)। কোয়েন্ত্রাওয়ের গোলটির মাহাত্ম্য বোঝা যাচ্ছে এতেই। শেষ বাঁশি বাজার আগে গোলটি করতে না পারলে ইসরায়েল এগিয়ে যেত ৩ পয়েন্টে। বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোদের যেতে হলে পর্তুগালকে কমপক্ষে গ্রুপ রানার্সআপ হতেই হবে।সার্বিয়া-ক্রোয়েশিয়া ‘ঐতিহাসিক’ ম্যাচটি জিতে নিয়েছে ক্রোটরা। পেছনে ফেলে আসা যুদ্ধের দগদগে ক্ষতটা ম্যাচটি জাগিয়ে না তোলে সেজন্য এই ম্যাচে সার্বিয়ান দর্শকদের ঢুকতে দেওয়া হয়নি। ফিরতি লেগে যেমন ক্রোয়েশিয়ার দর্শকেরা ম্যাচটি দেখতে পারবেন না। এটিই ভালো হয়েছে। এমনিতেই মাঝেমধ্যেই উসকানিমূলক স্লোগান উঠছিল গ্যালারিতে। দুই পক্ষ থাকলে কী হতো বলা মুশকিল।আবহাওয়ার কারণে রাশিয়ার ম্যাচটি হয়নি। তবে আগের ৪ ম্যাচের চারটিতেই জয় নিয়ে গ্রুপের শীর্ষে এখনো তারাই। পাঁচ ম্যাচের পাঁচটিতে জেতা একমাত্র দল হয়ে গেল হল্যান্ড। কোনো স্ট্রাইকার না নিয়ে খেলেও কাজাখস্তানকে ৩-০ গোলে হারিয়েছে জার্মানি। তবে পরশু রাতের সবচেয়ে বড় জয়টি ইংল্যান্ডের। ৮-০ গোলের জয়, তার পরও কোচ শিষ্যদের উচ্ছ্বাসে ভেসে যেতে বারণ করেছেন শিষ্যদের। প্রতিপক্ষ যে ছিল স্যান মেরিনো, দলটি ডজন গোল হজম করলেও বিস্ময়ের কিছু থাকে না! ১৯৮৭ সালের পর এটাই ইংলিশদের সবচেয়ে বড় জয়। এএফপি, রয়টার্স। এক নজরে ক্রোয়েশিয়া ২: ০ সার্বিয়া চেক প্রজাতন্ত্র ০: ৩ ডেনমার্ক কাজাখস্তান ০: ৩ জার্মানি হল্যান্ড ৩: ০ এস্তোনিয়া ইসরায়েল ৩: ৩ পর্তুগাল স্যান মেরিনো ০: ৮ ইংল্যান্ড স্পেন ১: ১ ফিনল্যান্ড ফ্রান্স ৩: ১ জর্জিয়া* প্রথম স্বাগতিক