স্পেনকে ইতালির কুর্নিশ
গড়পড়তা ইউরোপীয়দের তুলনায় মানুষটি ছোটখাটো। পরশু মনে হচ্ছিল, কাঁধে চেপে বসা অদৃশ্য পাহাড়বোঝায় উচ্চতা আরও কমে গেছে। মুখের ভাঁজ আর কালোর সঙ্গে লুকোচুরি খেলা কয়েক গাছি সাদা চুলে কয়েক মিনিটে বয়সটাকে যেন বাড়িয়ে দিয়েছিল অনেক। ৮৪ মিনিটে ইতালির ঘুরে দাঁড়ানোর শেষ আশাটি সমাধিস্থ করে যখন তৃতীয় গোল করে ফেললেন ফার্নান্দো তোরেস, ঘাড় কুঁজো করে দুই হাত এমনভাবে নাচালেন, মনে হলো যেন বলতে চাইছেন, ‘এটা কী হলো!’ সিজারে প্রানদেল্লি তখন বিশ্বের নিঃসঙ্গতম মানুষ।৪-০ গোলে হারের পর কোচের বলার কিছুই থাকে না। কিন্তু ফলাফল সবটুকু বলছেও না। বলছে না স্রোতের বিপরীতে সাঁতরে ইতালির ফাইনালে ওঠার কথাও। ইতালি কোচ তাই বলছেন, এই টুর্নামেন্ট থেকে ইতালির প্রাপ্তির অনেক কিছুই আছে, ‘কোনো পরাজয়ের পর আপনি আনন্দিত হতে পারেন না। কিন্তু সময় যতই যাবে, যত মিনিট পেরিয়ে যাবে, আপনি বুঝতে পারবেন, আমাদের অসাধারণ একটি টুর্নামেন্ট কেটেছে। কিয়েভের ওপর দিয়ে যখন উড়ে যাব, স্টেডিয়ামের আলোগুলো দেখলে হূদয়ে আকস্মিক তীক্ষ বেদনা অনুভব করব। কিন্তু তার পরও মনে করি, আমাদের দুর্দান্ত একটি টুর্নামেন্ট কেটেছে।’ এই উপলব্ধি থেকেই সরে যেতে চান না প্রানদেল্লি, দলের সঙ্গী থাকতে চান ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত। ফাইনালের রিপোর্ট কার্ডে শিষ্যদের দশের মধ্যে আট নম্বর দিয়েছেন ৫৪ বছর বয়সী এই কোচ। আফসোস রইল এই ম্যাচে খেলোয়াড়দের ফিটনেস-সমস্যা, ‘কিছু সমস্যা নিয়েই টুর্নামেন্ট শুরু করেছিলাম। আমাদের গ্রুপে স্পেন থাকায় কাজটা আরও কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু আমরা দুর্দান্ত কয়েকটা ম্যাচ খেলেছি। যদিও শেষ পর্যন্ত ফিটনেস ফিরে পেতে আমাদের খুবই সমস্যা হয়েছে।’ ইতালি তার আগের দর্শন পাল্টে ফেলে এই টুর্নামেন্টে ছিল আক্রমণাত্মক। এটাও বড় পাওয়া মানছেন কোচ, ‘আমি দশে আটই দেব। কারণ ছেলেরা দেখিয়ে দিয়েছে, এক থাকলে যেকোনো স্বপ্নকেই তাড়া করা সম্ভব। তারা দেখিয়েছে, প্রতিপক্ষকে শারীরিকভাবে আক্রমণ না করেও জেতা যায়। তারা দেখিয়েছে, সম্মান নিয়েও আপনি হারতে পারেন।’স্পেনকেও অভিনন্দন জানিয়েছেন প্রানদেল্লি। কোচের মতো অধিনায়ক জিয়ানলুইজি বুফনও দ্বিধাহীন প্রশংসা করেছেন স্পেনের, ‘আমাদের দলের অনেকেরই এটা প্রথম ফাইনাল। ফলে এটা অনেক বড় হতাশার। কিন্তু এও সত্যি, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে যখন দুই দলের মধ্যে বিপুল ব্যবধান দেখেন, আপনি শুধু একটা কাজই করতে পারেন, প্রতিপক্ষের উদ্দেশে করতালি।’ দীর্ঘ ক্যারিয়ারে এটিকেই সবচেয়ে বড় পরাজয় মানছেন ইতালির অভিজ্ঞ গোলরক্ষক। স্পেনের একাধিপত্যকে তাই স্যালুটই করে গেছেন, ‘প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত আমি শুধু লাল ঢেউই দেখে গেলাম।’ বলেছেন, ‘স্পেনের বিপক্ষে হার আপনি সহজেই মেনে নিতে পারবেন। এটা ছিল দুর্দান্ত এক অভিযান। ফাইনালে আপনাকে জিততেই হতো। কিন্তু আমরা এমন এক দলের বিপক্ষে খেলেছি যাদের মান অবিশ্বাস্য।’কিন্তু এই একই দলের বিপক্ষে গ্রুপ পর্বে ইতালি ছিল অসাধারণ। পার্থক্য হলো কোথায়? ড্যানিয়েল ডি রসি উত্তর খুঁজেছেন, ‘পার্থক্য হলো তারা আগের চেয়ে অনেক ভালো খেলেছে। তারা শুরু থেকে শেষ পর্যন্ত একটা নির্দিষ্ট মানে খেলতে অভ্যস্ত। কিন্তু বড় পার্থক্যটা দুই দলের খেলোয়াড়দের শারীরিক অবস্থাতেও ছিল।’ চোটের কারণে মাঠে দুই খেলোয়াড়কে হারিয়ে ফেলাটাই আসল আক্ষেপের বিষয় ডি রসির।শেষ পর্যন্ত এই পরাজয়ের তেতো স্বাদ ভুলে ইতালিকে স্বাগত জানাচ্ছে সমর্থকেরা। টুর্নামেন্টে ইতালির বড় পাওয়া তো এটাও। এএফপি, রয়টার্স।