স্পেনকে চ্যাম্পিয়ন বলছে পল
ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে জানেন তো? না, না, এর আগের কোনো বিশ্ব চ্যাম্পিয়নদের কথা বলা হচ্ছে না! কিংবা ফাইনাল ম্যাচটিও আগাম মাঠে গড়ায়নি। তবুও জেনে নিন, এবারের চ্যাম্পিয়ন—লা রোজা ফুরিয়ারাই! এ খবর এসেছে জার্মানির ওবেরহাউসেনের সি লাইফ সেন্টার থেকে। খবরের উৎস কে, তা নিশ্চয়ই বুঝতে বাকি নেই! পল দি অক্টোপাসই!গত শুক্রবারও জার্মানির জাতীয় চ্যানেলে সরাসরি দেখানো হয়েছে তার কাজ-কারবার। গুণিন পলের জন্য খাবারসহ দুটি বাক্স নামানো হলো। একটিতে স্পেনের আরেকটিতে হল্যান্ডের পতাকা সাঁটানো। কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না করে স্পেনের বাক্সটিতেই হামলে পড়েছিল পল। নির্বাক ভাষায় বলে দিয়েছে, ২০১০ ফুটবল বিশ্বকাপের ট্রফি স্পেনেই যাচ্ছে! এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেরও ভবিষ্যদ্বাণী করেছে এই আটপেয়ে। উরুগুয়ের বিপক্ষে পলের বাসভূমি জার্মানিই নাকি জয় নিয়ে মাঠ ছাড়তে যাচ্ছে। তবে দুধের স্বাদ কি পানিতে মেটে? জার্মান সমর্থকেরা চূড়ান্ত খেপে আছে দুই বছর বয়সী পলের ওপর। হাতের নাগালে পেলে নাকি ভেজেই খেয়ে ফেলবে তারা! শুধু তা-ই নয়, সি লাইফ সেন্টারের বিনোদন সুপারভাইজার ড্যানিয়েল ফে জানিয়েছেন, ই-মেইলেও পলের উদ্দেশে মৃত্যুর হুমকি পাঠাচ্ছে কিছু সমর্থক! সেই ভয়ে দুই দিন ধরে পলের জন্য কঠিন পাহারাও বসিয়েছে প্রতিষ্ঠানটি।পল-ভক্তদের জন্য অবশ্য দুঃসংবাদও আছে একটা। এবারই নাকি শেষ হয়ে যাচ্ছে পলের গুণিনজীবন। এমনিতে এই প্রজাতির অক্টোপাসের আয়ুষ্কাল মোটে তিন বছরের মতো। আর পলের বয়স দুইয়ের খানিকটা ওপরে। মানে পৃথিবীর মায়াও হয়তো ত্যাগ করতে দেরি নেই বেশি! এএফপি, ওয়েবসাইট।