স্পেনকে জার্মান স্যালুট
এক লহমায় কেমন বদলে গেল সব। কার্লোস পুয়োল একটা গোল করলেন, সঙ্গে সঙ্গে আকাশ থেকে একেবারে ধপ করে মাটিতে নেমে এল জার্মান মেশিন। দুদিন আগেও ইংল্যান্ড-আর্জেন্টিনা যাদের ‘স্যালুট’ করে মাঠ ছেড়েছে, সেই জার্মানরা এবার কোমর বাঁকিয়ে ‘স্যালুট’ করতে বাধ্য হলো স্প্যানিশদের। এর নাম সুন্দর ফুটবল!বদলে যাওয়া এই দিনটা সবচেয়ে ভালো অনুধাবন করতে পারছেন জোয়াকিম লো। বিশ্বকাপে এসে সার্বিয়ার বিপক্ষে ধাক্কা খাওয়া ছাড়া দল নিয়ে রীতিমতো উড়ছিলেন। স্বপ্ন ছিল পূর্বসূরি ইয়ুর্গেন ক্লিন্সমানকে টপকে যাবেন, ফাইনালে নিয়ে যাবেন দলকে।লোর স্বপ্ন ভেঙে দিয়েছে ভিসেন্তে দেল বস্কের ছেলেরা। তাই স্প্যানিশদের প্রশংসায় ভাসালেন লো, ‘স্পেন তো দুর্দান্ত একটা দল। ওদের প্রত্যেকটা পাসে আপনি দেখতে পাবেন, এই খেলাটার মাস্টার এখন ওরাই। ওদের হারানো প্রায় অসম্ভব। ওরা অতিমাত্রায় মাথা ঠান্ডা রাখে। আমাদের থেকে অনেক ভালো দল স্পেন। প্রাপ্য জয়টাই পেয়েছে।’লোর কথাবার্তা শুনে তাঁকে ‘ছদ্মবেশী স্প্যানিশ’ বলে মনে হতে পারে! কিন্তু কিছু করার নেই। ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে ছন্দ মিশিয়ে এমন অসাধারণ খেলা স্পেন উপহার দিচ্ছে, দেখে মুগ্ধ হয়ে গেছেন পরাজিত কোচ। ২০০৮ সাল থেকে এই দলটির খেলা দেখে এবং সেমিফাইনালে তাদের কাছে হারের পর লো নিশ্চিত হয়ে গেছেন, বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে স্পেনই, ‘২০০৮ সালে এই দলটি খুবই দাপটের সঙ্গে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে। দুই বা তিন বছর ধরে দলটা অপরিবর্তিতই আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ওরাই শিরোপা জিতবে। যে কয়টা ম্যাচ খেলেছে, দুর্দান্ত পারফরম্যান্স করেছে। ওরা যে কাউকে হারাতে পারে। দুই-তিন বছর ধরে ওরা বিশ্বের সবচেয়ে স্কিলড দল।’স্পেনের এমন বন্দনায় জার্মানদের মধ্যে যেন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কোচের পর অধিনায়ক লামও স্পেন-বন্দনায় মেতে উঠলেন, ‘খুবই কঠিন একটা রাত গেল। আমরা জানতাম, স্পেন বিশ্বকাপ জয়ের জন্য ফেবারিট দল। স্পেন খুবই শক্তিশালী দল।’গোল্ডেন বুট ও রোনালদোর রেকর্ডের পেছনে ছুটতে থাকা মিরোস্লাভ ক্লোসাও অসহায়ের মতো মেনে নিলেন, ‘আমরা তো ডিফেন্স নিয়ে সবাই ব্যস্ত ছিলাম। স্প্যানিয়ার্ডরা খুবই চালাকির সঙ্গে আমাদের ঠেলে পিছিয়ে রেখেছিল। বল পেলে আমরা অনেক কিছুই করার চেষ্টা করেছি, কিন্তু কাজ হয়নি। আমরা খেলার গতি কমিয়ে দিতে চেয়েছি, পারিনি।’জার্মানি-স্পেন ম্যাচের স্কোরলাইন দেখে জার্মানদের কথাবার্তার এই অসহায়ত্বটা অনুধাবন করা একটু কঠিন। মাত্র এক গোলে হারা দল কেন এমনভাবে মাথা নিচু করে ফেলবে? প্রশ্নটার উত্তর পাওয়া যেতে পারে জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নিউয়ারের কথায়, ‘আমরা খেলায় সাহসও দেখাতে পারিনি, সুযোগও পাইনি। অন্যান্য ম্যাচে আমরা অনেক বেশি আক্রমণ করি। কিন্তু স্পেন তো আমাদের খুব একটা জায়গাই দেয়নি। ওরা অনেক অনেক সুযোগ তৈরি করেছে। একেবারে ন্যায্যভাবেই আমাদের হারিয়েছে ওরা। আমি ওদের ফাইনালে শুভকামনা করি।’এই শুভকামনার মধ্যে কতটা কষ্ট, বেদনা লুকানো সে নিশ্চয়ই বলে দিতে হবে না। হেরে গিয়ে প্রতিপক্ষের বন্দনা করা যায়, কষ্ট লুকানো যায় না। প্রতিপক্ষকে শ্রদ্ধা জানানোর ফাঁকেই কষ্টের কথাটা বললেন লো, ‘সেমিফাইনালের হারে আমরা অবশ্যই খুব কষ্ট পেয়েছি। তার পরও আমি স্পেন ও তাদের কোচকে দুর্দান্ত খেলার জন্য কৃতিত্ব দিচ্ছি।’কষ্ট শুধু নয়, বাস্তিয়ান শোয়েনস্টাইগারের কথায় বেরিয়ে এল যন্ত্রণাও, ‘ফাইনালের এত কাছে গিয়ে যে রকম খেলা উচিত, তা খেলতে পারিনি আমরা। স্পেনের বিপক্ষে আমরা গোল করার খুব বেশি সুযোগ পাইনি। কিন্তু যা দু-একটা সুযোগ পেয়েছি, তাতে আমাদের ভালো করা উচিত ছিল।’খুব কম সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে না পারার কষ্ট লাম-ক্লোসারও আছে। তবে কেউই এই আফসোসে মজে থাকতে চাইছেন না। জোয়াকিম লো চাচ্ছেন আফসোস, কষ্ট সব ঝেড়ে ফেলে আবার ঘুরে দাঁড়াতে। অন্তত তৃতীয় হওয়ার জন্য ঘুরে দাঁড়ানোটা জরুরি জার্মানির। এএফপি।