স্পেনকে নিয়ে সন্দিহান ম্যারাডোনাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর বিধ্বস্ত দলকে উজ্জীবিত করার চেষ্টা কোচ দেল বস্কের।চিলির বিপক্ষে তারা কতটা উজ্জীবিত হয়ে মাঠে নামতে পারবেন—এ নিয়ে সংশয় থাকছেই। ছবি: রয়টার্স।
হল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর বিধ্বস্ত দলকে উজ্জীবিত করার চেষ্টা কোচ দেল বস্কের।চিলির বিপক্ষে তারা কতটা উজ্জীবিত হয়ে মাঠে নামতে পারবেন—এ নিয়ে সংশয় থাকছেই। ছবি: রয়টার্স।

সময় কীভাবে যেন বদলে যায়! এই তো চার দিন আগেও ফেবারিটের তালিকা থেকে স্পেনের নাম বাদ দেওয়ার দুঃসাহস হয়নি চরম স্পেনবিদ্বেষীরও। কিন্তু ১৩ জুনের পর থেকেই যেন বদলে গেল সবকিছু। হল্যান্ডের পাওয়ার ফুটবলের কাছে স্প্যানিশ টিকি-টাকার জাল ছিন্নভিন্ন হয়ে যাওয়ার পর স্পেনের দ্বিতীয় রাউন্ড নিয়েই সন্দিগ্ধ সবাই। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের নিয়ে সংশয় ঝরেছে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার কণ্ঠেও। ডাচ-ধাক্কা সামলে স্পেন চিলির বিপক্ষে আদৌ জয়ের পথে ফিরতে পারবে কি না, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে ম্যারাডোনার।

গত ছয় বছরে তিনটি প্রধান শিরোপা জেতা এই স্পেন দলের দিকে একরকম চ্যালেঞ্জই ছুড়ে দিলেন ম্যারাডোনা, ‘স্পেন কীভাবে এই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াবে তা আমার জানা নেই। স্পেন নিশ্চয়ই তাদের জালে পাঁচবার বল জড়ানোর ব্যাপারটিতে অভ্যস্ত নয়!’

গত বিশ্বকাপেও তো প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হেরে গিয়েছিলেন জাভি-ইনিয়েস্তারা। তার পরও সব বাধা ডিঙিয়ে ঠিকই হাতে নিয়েছিল বিশ্বজয়ের ট্রফি। এবার অবশ্য এমন কিছুর জন্য মোটেও আশাবাদী হওয়া যাচ্ছে না। গত বিশ্বকাপে ‘ভালো খেলে’ সুইজারল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হার আর এবার হল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৫-১ গোলে উড়ে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য। বিশেষ করে ডাচদের বিপক্ষে দ্বিতীয়ার্ধে স্পেনের ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থাটাই তাদের নিয়ে আশাবাদী হতে দিচ্ছে না। আত্মপ্রত্যয়টা একেবারেই হারিয়ে গেছে সে ম্যাচে। ব্যাপারটিকে স্প্যানিশ ‘সোনালি প্রজন্মের বিদায়ী মুহূর্ত’ হিসেবেও দেখছেন অনেকেই। স্পেনের এক টেলিভিশন অনুষ্ঠানে ক্রীড়া উপস্থাপক হাভিয়ের গোমেজ মনে করেন, ‘স্পেনের সোনালি প্রজন্মের “শেষ” দেখে ফেলেছে ফুটবল বিশ্ব।’

তবে এসব কথাবার্তা মেনে নিতে একেবারেই রাজি নন জাবি আলোনসো। স্পেনের সোনালি প্রজন্মের ফুটবলারদের এখনো দেওয়ার অনেক কিছুই আছে বলে মনে করেন তিনি, ‘আমরা এখনো শেষ হয়ে যাইনি। এখনো এমন অনেক কিছু আছে, যা আমরা অর্জন করতে চাই। চিলির বিপক্ষে ম্যাচটিতে বিপুল অভিজ্ঞতা প্রয়োজন। ওদের বিপক্ষে কীভাবে ভালো খেলতে হয়, কীভাবে ফল বের করে নিয়ে আসতে হয়, সেটা আমরা খুব ভালো করেই জানি।’ সূত্র: এএফপি।