স্পেনকে পুরো কৃতিত্ব দিচ্ছেন কুইরোজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোদের। তবে এই হারের জন্য কোনো অজুহাত নয়, পুরো কৃতিত্ব স্পেনকে দিয়ে রেখেছেন কার্লোস কুইরোজ। যোগ্য দল হিসেবে স্পেন কোয়ার্টার ফাইনালে উঠেছে বলে মন্তব্য করেছেন পর্তুগালের এই কোচ।ফিফা র্যাঙ্কিংয়ের দ্বিতীয় ও তৃতীয় দলের খেলা বলে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে—এমনটাই ভাবা হচ্ছিল। তবে মাঠের লড়াইয়ে চিত্র ছিল ভিন্ন। স্পেনের ১-০ গোলের জয় দিয়ে পুরো ম্যাচের চিত্র কল্পনা করতে গেলে ভুল হবে। রোনালদোদের হতাশার রাতে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল প্রতিপক্ষ স্পেনের হাতে, সেভাবে আক্রমণও করতে পারেনি পর্তুগাল। তাঁর ওপরই সবচেয়ে বেশি ভরসা ছিল বলে ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতেও রাজি হননি রোনালদো।হার মেনে নিয়ে কোচ কার্লোস কুইরোজ ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বলছেন, ‘ডেভিড ভিয়ার গোলটিই পার্থক্য গড়ে দিয়েছিল। তুলনামূলক যোগ্য দল হিসেবেই পর্তুগালকে হারিয়েছে স্পেন। পাল্টা আক্রমণে আমাদেরও সুযোগ ছিল। কিন্তু কাজে লাগাতে পারিনি।’দলের বিদায়ে দুঃখ পেলেও এই হারের জন্য ফুটবলারদের দায়ী করার পক্ষে নন কুইরোজ। ফুটবলাররা তাঁদের সর্বোচ্চ চেষ্টা করেছেন উল্লেখ করে পর্তুগালের এই কোচ বলছেন, ‘আমাদের লক্ষ্যের নিদর্শন আমরা রেখেছি। ফুটবলাররা তাদের সর্বোচ্চ চেষ্টাও করেছে, দুর্ভাগ্যজনকভাবে আমরা সফল হইনি। আমার বিশ্বাস, সমর্থকেরা বিষয়টি যৌক্তিকভাবে বিচার করবে।’